Published : 25 Sep 2025, 10:12 PM
মঙ্গল যাত্রার স্টারশিপ রকেটের শেষ ধাপের পরীক্ষা সম্পন্ন করে এখন পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য প্রস্তুত মার্কিন ধনকুবের ইলন মাস্কের মহাকাশ কোম্পানি স্পেসএক্স।
সোমবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে অবস্থিত স্পেসএক্সের স্টারবেইস উৎক্ষেপণ কেন্দ্রের লঞ্চ প্যাডে রকেটের ওপরের অংশ আটকে রেখে এর ছয়টি র্যাপ্টর ইঞ্জিনে আগুন জ্বালিয়ে পরীক্ষা চালিয়েছে কোম্পানিটি।
রকেটটি আগামী কয়েক দিন বা সপ্তাহের মধ্যে উৎক্ষেপিত হতে পারে। বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেটের ১১তম ফ্লাইট পরীক্ষা হবে এটি, যা স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক ২০২৯ সালে মঙ্গলে মানুষ পাঠানোর জন্য ব্যবহার করতে চান বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস প্রকল্পের অংশ হিসেবে, কেবল মঙ্গলে যাওয়ার জন্য নয়, বরং চাঁদের পৃষ্ঠে মানুষ ও মালামাল পাঠানোর কাজেও ব্যবহৃত হবে স্টারশিপ।
রকেটটির পরবর্তী ফ্লাইট পরীক্ষা আগের দুইটি ফ্লাইটের মতোই হবে, যেখানে রকেটের ওপরের অংশ স্টারবেইস থেকে উৎক্ষেপিত হবে এবং ভারত মহাসাগরে গিয়ে অবতরণ করবে।
২০২৫ সালে একাধিক পরীক্ষামূলক স্টারশিপ উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে স্পেসএক্স। তবে ২৬ অগাস্টের সাম্প্রতিক ফ্লাইট পরীক্ষা সফল হলেও আগের কয়েকটি ব্যর্থতার কারণে আর্টেমিস প্রকল্পের সময়সূচি পিছিয়ে দিতে হয়েছে নাসাকে। এ প্রকল্পে ৫০ বছরের বেশি সময় পর মানুষকে আবার চাঁদে নিয়ে যাবে যুক্তরাষ্ট্র।
এর আগে, চাঁদে মানুষের যাত্রা শুরুর কথা ছিল ২০২৪ সালে। তবে ‘স্টারশিপ হিউম্যান ল্যান্ডিং সিস্টেম’ বা এইচএলএস-এ প্রযুক্তিগত সমস্যার কারণে এখন তা ২০২৭ সালের মাঝামাঝি সময়ে হবে বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি অনুষ্ঠিত এক অ্যারোস্পেস সেইফটি অ্যাডভাইজরি প্যানেলের বৈঠকে ইঙ্গিত মিলেছে, এইচএলএস-এ বড় ধরনের সমস্যার কারণে নাসার চাঁদে পাঠানোর পরিকল্পনা আরও দেরি হতে পারে।
নাসার মিশন অপারেশনের সাবেক পরিচালক পল হিল বলেছেন, “এইচএলএস-এর সময়সূচি অনেক বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং আমাদের অনুমান অনুসারে, ২০২৭ সালের আর্টেমিস ৩ চাঁদে অবতরণের জন্য অনেক বছর দেরি হতে পারে।”
মূল সমস্যা হল, রকেটকে চাঁদে পাঠানোর জন্য মাঝ কক্ষপথে মহাকাশে জ্বালানি দেওয়া দরকার, সেটিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্পেসএক্স এখনও প্রমাণ করতে পারেনি যে, ‘ক্রায়োজেনিক প্রোপেল্যান্ট ট্রান্সফার’ নামে পরিচিত এ প্রক্রিয়াটি কীভাবে সম্ভব হবে।
এদিকে, অ্যারোস্পেস সেইফটি অ্যাডভাইজরি প্যানেল বলেছে, “আগামী ছয় মাসে স্টারশিপের বিভিন্ন উৎক্ষেপণ স্পেসএক্স ও নাসার জন্য গুরুত্বপূর্ণ, যা জানাবে ২০২৭ বা এ দশকের শেষ দিকে এইচএএলএস-এর মাধ্যমে মানুষ নিয়ে চাঁদে যাওয়ার পরিকল্পনা সফল হবে কি না।