Published : 03 Mar 2026, 01:40 PM
প্রযুক্তিবিশ্বের অন্যতম বড় আসর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ জনপ্রিয় ল্যাপটপ ও ট্যাবলেট সিরিজের নতুন সংস্করণ উন্মোচন করেছে চীনা বহুজাতিক প্রযুক্তি কোম্পানি লেনোভো।
প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, ২০২৬ সালের এ নতুন লাইনআপে কোম্পানিটি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ওপর, বিশেষ করে ‘ইয়োগা ৯আই ২-ইন-১ ওরা এডিশন’ নামের এ নতুন ল্যাপটপটিতে রয়েছে ‘ক্যানভাস মোড’।
ল্যাপটপটির ‘এ’ কভারের সঙ্গে বক্সে থাকা ‘ইয়োগা পেন জেন টু’ কেসটি লাগানো হলে মোডটি চালু হয়। কেসসহ ল্যাপটপটিকে কোনো সমতল জায়গায় রাখলে এর ডিসপ্লেটি সামান্য উঁচুতে থাকবে, যা স্কেচ করা বা ছবি আঁকার কাজকে আরও সহজ করে তুলবে।
‘কোপাইলট+’ ল্যাপটপটিতে ব্যবহৃত হয়েছে ‘ইনটেল কোর আল্ট্রা সিরিজ ৩’ প্রসেসর ও ইন্টিগ্রেটেড গ্রাফিক্স। এতে ৩২ জিবি পর্যন্ত র্যাম রয়েছে ও ল্যাপটপটি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলে।
ল্যাপটপটির ১৪ ইঞ্চির স্ক্রিনটির রেজুলিউশন ২,৮৮০ বাই ১,৮০০ পিক্সেল, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও এতে মাল্টি-টাচ সাপোর্ট করে। নতুন ‘ক্যানভাস মোড’ ছাড়াও ল্যাপটপটি এর আগের বিভিন্ন মডেলের মতো ট্যাবলেট, টেন্ট, স্ট্যান্ড ও সাধারণ ল্যাপটপ মোডে ব্যবহার করা যায়।
‘ইয়োগা ৯আই ২-ইন-১ ওরা এডিশন জেন ১১’ মে মাস থেকে বাজারে পাওয়া যাবে এবং এর প্রাথমিক দাম শুরু হবে ১ হাজার ৯৪৯ ডলার থেকে।
মোবাইল কনগ্রেস আসরে নিজেদের নতুন ‘ইয়োগা প্রো ৭এ’ ল্যাপটপও উন্মোচন করেছে লেনোভো। এ ‘কোপাইলট+’ ল্যাপটপটিতে ব্যবহৃত হয়েছে ‘এএমডি রাইজেন এআই ম্যাক্স+’ সিরিজের শক্তিশালী প্রসেসর। এতে সর্বোচ্চ ১২৮ জিবি র্যাম রয়েছে, যা অত্যন্ত ভারী বিভিন্ন এআই কাজ অনায়াসেই করতে পারে।
ডিভাইসটিতে একটি ১৫.৩ ইঞ্চির ‘২.৫ কে পিওরসাইট প্রো ওএলইডি’ ডিসপ্লে রয়েছে। এতে বড় আকারের এক ‘ফোর্স প্যাড’ ট্র্যাকপ্যাড আছে, যা ড্রয়িং ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা যায়।
এ বছরের অগাস্ট থেকে ল্যাপটপটি বাজারে মিলবে, যার প্রাথমিক দাম শুরু হবে ২ হাজার ৯৯ ডলার থেকে।
সাশ্রয়ী মূল্যের বিকল্প হিসেবে লেনোভো নিয়ে এসেছে নতুন ‘আইডিয়াপ্যাড স্লিম ৫আই আল্ট্রা’ ল্যাপটপ, এতে ‘কোপাইলট+’ এর সব সুবিধা রয়েছে, যা ‘ইনটেল কোর আল্ট্রা’ প্রসেসরে চলে।
ল্যাপটপের ১৪ ইঞ্চির ডিসপ্লেটি দুটি সংস্করণে পাওয়া যাবে, একটি ‘ওএলইডি’ ও অন্যটি ‘আইপিএস এলসিডি’, যেগুলোর রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ল্যাপটপটি সহজে বহনের জন্য ডিজাইন করেছে লেনোভো। যার মধ্যে সবচেয়ে পাতলা অংশটি ১১.৯ মিলিমিটার ও ওজন কেবল প্রায় ১.১৩ কেজি।
ডিভাইসটি আগামী অক্টোবর থেকে বাজারে পাওয়া যাবে ও এর প্রাথমিক দাম শুরু হবে ৭৯৯ ডলার থেকে।
সাশ্রয়ী মূল্যের ‘আইডিয়া ট্যাব প্রো জেনারেশন ২’ নামের ট্যাবলেট এনেছে লেনোভো, যা শিক্ষার্থীদের কথা মাথায় রেখে তৈরি হয়েছে। এতে ব্যবহৃত হয়েছে ‘স্ন্যাপড্রাগন ৮এস জেনারেশন ৪’ মোবাইল প্ল্যাটফর্ম। এতে রয়েছে একটি ১৩ ইঞ্চির ‘৩.৫কে’ ডিসপ্লে।
লেনোভোর প্রথম ট্যাবলেট ‘আইডিয়া ট্যাব প্রো জেনারেশন ২’, যা কোম্পানিটির নিজস্ব ‘কিরা’ এআই অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য এআই টুলসহ বাজারে আসছে।
আগামী জুলাই থেকে ৪১৯ ডলারে পাওয়া যাবে ট্যাবলেটটি। যার সঙ্গে ‘লেনোভো ট্যাব পেন প্লাস’ ফ্রি পাবেন গ্রাহকরা।