২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ৪ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হওয়ার দ্বারে অ্যাপল

ট্রিলিয়নের খাতায় নাম লেখানো প্রথম আমেরিকান কোম্পানি অ্যাপল, যেটি এরইমধ্যে তিন ট্রিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2024, 06:06 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

এআইতে বিনিয়োগের পরপরই এবার চার ট্রিলিয়ন ডলারের কোম্পানি হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে অ্যাপল। 

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আপগ্রেড নিয়ে বিনিয়োগকারীদের উত্তেজনার ঢেউয়ে চড়ে কোম্পানিটি চার ট্রিলিয়ন ডলার বাজার মূল্যের কাছাকাছি পৌঁছে গেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

ঐতিহাসিক এই বাজার মূল্যের দৌড়ে মার্কিন চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া ও প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটকেও পেছনে ফেলেছে অ্যাপল। রয়টার্স প্রতিবেদনে লিখেছে, গত মাসের শুরু থেকে অ্যাপলের শেয়ারমূল্য ১৬ শতাংশ বেড়েছে, যা কোম্পানিটির বাজার মূল্য প্রায় ৫০ হাজার কোটি ডলার যোগ করেছে।

অ্যাপলের এই বাজার মূল্য বৃদ্ধি ‘কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য বিনিয়োগকারীদের উৎসাহেরই প্রতিফলন। এর ফলে আইফোন আপগ্রেডের একটি সুপারসাইকেল তৈরি হবে’, বলেছেন ম্যাক্সিম গ্রুপের বিশ্লেষক টম ফোর্ট।

ট্রিলিয়নের খাতায় নাম লেখানো প্রথম আমেরিকান কোম্পানি অ্যাপল, যেটি এরইমধ্যে তিন ট্রিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। ধারণা করা হচ্ছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে অ্যাপলের সামগ্রিক আয় ‘ছোট থেকে মাঝারি অঙ্কে’ বাড়বে।

আইফোন ১৬ মডেলের বিক্রির গতি নিয়েও প্রশ্ন উঠলেও, লন্ডন স্টক এক্সচেঞ্জ বা এলএসইজি’র তথ্য বলছে, বিশ্লেষকরা আশা করছেন আগামী বছর আইফোন থেকে কোম্পানিটির আয় বাড়বে।

এদিকে, চীনে অ্যাপল ইন্টেলিজেন্স চালুর জন্য দেশটির প্রযুক্তি কোম্পানি ‘টেনসেন্ট’ ও টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স-এর সঙ্গে আইফোন ১৬ এর সঙ্গে বাজারে চালু হওয়া বিভিন্ন এআই ফিচার নিয়ে আলোচনা করছে এই টেক জায়ান্ট।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে রয়টার্স লিখেছে, চীনে বিক্রি হওয়া বিভিন্ন আইফোনে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলোকে কীভাবে একীভূত করা যায়– এটাই হচ্ছে আলোচনার মূল বিষয়।

সম্প্রতি অ্যাপলের এআই ‘অ্যাপল ইন্টেলিজেন্স’র অংশ হিসাবে নিজেদের বিভিন্ন ডিভাইসে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি চালু করেছে অ্যাপল। তবে চীনে চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ নেই। কারণ, যে কোনো ধরনের জেনারেটিভ এআই পরিষেবার জন্য চীন সরকারের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।

এ কারণেই অ্যাপলকে চীনের স্থানীয় বিভিন্ন কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব নিয়ে যোগাযোগ করার পাশাপাশি সতর্কতার সঙ্গে এসব কোম্পানি খুঁজে বের করতে হচ্ছে।