১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

অনলাইন গেইমিং সুবিধা পরীক্ষা করে দেখছে ইউটিউব

ইউটিউবের এক মুখপাত্র বলেন, দীর্ঘদিন ধরেই কোম্পানির মনোযোগ ছিল গেইমিংয়ে। কোম্পানি এখন এইসব নতুন ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে।

অনলাইন গেইমিং সুবিধা পরীক্ষা করে দেখছে ইউটিউব

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2023, 10:09 PM

Updated : 25 Jun 2023, 10:09 PM

অভ্যন্তরীণভাবে অনলাইনে গেইম খেলার সুবিধা পরীক্ষা করছে গুগল মালিকানাধীন ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব।

শুক্রবার গুগল কর্মীদের কাছে পাঠানো ইমেইল বার্তার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত প্রতিবেদনে মার্কিন বাণিজ্য প্রকাশনা ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, ‘প্লেয়েবলস’ নামের নতুন পণ্য পরীক্ষার উদ্দেশ্যে কর্মীদের আমন্ত্রণ জানিয়েছে কোম্পানি। 

এই পরীক্ষার অংশ হিসেবে থাকবে ‘স্ট্যাক গেইমস’-এর মতো আর্কেড গেইমও।

প্রতিবেদনে আরও উল্লেখ রয়েছে, ইউটিউবের ওয়েব সংস্করণ, অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসগুলোতে এইসব গেইম খেলা যাবে।

ইউটিউবের এক মুখপাত্র বলেন, দীর্ঘদিন ধরেই কোম্পানির মনোযোগ ছিল গেইমিংয়ে। তিনি আরও যোগ করেন, কোম্পানি এখন এইসব নতুন ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে। তবে, ‘এই মূহূর্তে ঘোষণা দেওয়ার মতো’ কিছু ঘটেনি বলেও জানান তিনি।

ব্যবহারকারীদের কাছে এরইমধ্যে গেইম স্ট্রিমিং ও লাইভ স্ট্রিম করা গেইম ফুটেজ দেখার জনপ্রিয় জায়গা হিসেবে বিবেচিত ইউটিউবে অনলাইন গেইম হোস্ট করার উদ্যোগকে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, এটি কোম্পানির সিইও নিল মোহানের ‘বিজ্ঞাপনী আয়ে মন্দার মধ্যে আয় বাড়ানোর’ নতুন পরিকল্পনার অংশ।