২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সামাজিক মাধ্যমে চোরাই ভিডিও শনাক্তে নতুন টুল আনল মেটা

টুলটি ক্রিয়েটরদের আরও সহজে বুঝতে দেবে কোন অ্যাকাউন্ট তাদের ভিডিও বার বার পোস্ট করেছে।

সামাজিক মাধ্যমে চোরাই ভিডিও শনাক্তে নতুন টুল আনল মেটা
নতুন এই ফিচারের নাম ‘কনটেন্ট প্রটেকশন’। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2025, 12:45 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

ফেইসবুক ও ইনস্টাগ্রামে দীর্ঘদিন ধরে ক্রিয়েটররা অভিযোগ করে আসছেন অনেক অ্যাকাউন্ট তাদের ভিডিও অনুমতি ছাড়াই ব্যবহার করছে। এই সমস্যা কমাতে মেটা এখন একটি নতুন টুল চালু করেছে, এটি ক্রিয়েটরদের আরও সহজে বুঝতে দেবে কোন অ্যাকাউন্ট তাদের ভিডিও বার বার পোস্ট করেছে।

নতুন এই ফিচারের নাম ‘কনটেন্ট প্রটেকশন’। এটি একজন ক্রিয়েটরের অরিজিনাল রিল পুরোটা বা আংশিকভাবে অন্য কোনো অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে কি না তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট। 

যারা এই সিস্টেমে যুক্ত থাকবেন তারা দেখতে পাবেন কোন কোন অ্যাকাউন্ট তাদের কনটেন্ট শেয়ার করেছে এবং সেসব ভিডিও নিয়ে কী কী পদক্ষেপ নেওয়া যাবে।

ক্রিয়েটরদের কাছে তিনটি অপশন থাকবে। প্রথমত ‘ট্র্যাক’, এখানে ক্রিয়েটর তার ভিডিওর ওপর একটি লেবেল বসাতে পারবেন যাতে উল্লেখ থাকবে যে ক্লিপটি আসলে তার অ্যাকাউন্ট থেকে এসেছে। এতে ভিউ সংখ্যাও দেখা যাবে।

দ্বিতীয় ‘ব্লক’ অপশনে পুরো ভিডিও ব্লক করে দেওয়া যাবে। ফলে অন্য কেউ এটি দেখতে পারবে না। তবে মেটা বলছে, ব্লক করলেও ভিডিও চুরি করা অ্যাকাউন্টের ওপর বাড়তি কোনো শাস্তি দেওয়া হবে না।

সর্বশেষ ‘রিলিজ’ অপশন বেছে নিলে ভিডিওটি ক্রিয়েটরের ড্যাশবোর্ড থেকে সরিয়ে দেওয়া হবে এবং ভবিষ্যতে আর কোনো তথ্য দেখা যাবে না।

ড্যাশবোর্ডে আরও কিছু অতিরিক্ত তথ্য পাওয়া যাবে যেমন, যে অ্যাকাউন্ট ভিডিওটি ব্যবহার করেছে সেটা ক্লিপ থেকে আয় করছে কি না। এটি সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ভিডিও ব্লক করা উচিত না কি শুধু অ্যাট্রিবিউশনসহ ট্র্যাক করলেই যথেষ্ট। আবার যদি কম ফলোয়ারের কোনো পেইজ ভিডিও কপি করে থাকে ক্রিয়েটর শুধু নজর রাখার সিদ্ধান্তও নিতে পারেন।

আগে ফেইসবুক ক্রিয়েটররা ‘রাইটস ম্যানেজার’-এর মাধ্যমে এ ধরনের কিছু সুবিধা পেতেন। তবে মেটা বলছে, এবার ফেইসবুক অ্যাপেই টুলটি থাকবে যাতে আরও বেশি মানুষ এটি ব্যবহার করতে পারেন।

গুরুত্বপূর্ণ বিষয় হলো ‘কনটেন্ট প্রটেকশন’ টুলটি শুধু সেইসব ক্রিয়েটরের জন্য যারা ফেইসবুকে রিল পোস্ট করেন অর্থাৎ ইনস্টাগ্রামে কেউ ভিডিও কপি করলেও সেটি শনাক্ত করা হবে তবেই যদি মূল ভিডিওটি ফেইসবুকে পোস্ট করা হয়ে থাকে।

মেটা বলছে, তাদের মনিটাইজেশন প্রোগ্রামে থাকা এবং ‘এনহ্যান্স ইন্টিগ্রিটি অ্যান্ড অরিজিনাল স্ট্যান্ডার্ডস’ পূরণ করা ক্রিয়েটরদের কাছে টুলটি পৌঁছানো শুরু হয়েছে। রাইটস ম্যানেজার ব্যবহারকারীরাও এটি পাবেন। চাইলে নতুন ক্রিয়েটররাও আবেদন করে অ্যাক্সেস নিতে পারবেন।