১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অ্যাপলের নতুন আইপ্যাড মিনিতে থাকছে এআই সক্ষমতা

নতুন আপডেটের পাশাপাশি আসন্ন ডিভাইসে ব্যবহার করা হয়েছে ‘এ১৭ প্রো’ চিপ, যা গত বছর এসেছিল আইফোন ১৫ প্রো’তে।

অ্যাপলের নতুন আইপ্যাড মিনিতে থাকছে এআই সক্ষমতা
ছবি: অ্যাপল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2024, 04:24 PM

Updated : 10 Sep 2026, 12:20 PM

এআই সক্ষমতার নতুন আইপ্যাড মিনি বাজারে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল।

আকারে ছোট ট্যাবলেটটি এ শ্রেণির প্রথম এমন ডিভাইস, যেটি কোম্পানির নতুন এআই চ্যাটবট ‘অ্যাপল ইন্টেলিজেন্স’-এর বিভিন্ন ফিচার সমর্থন করবে, যাকে নিজস্ব ডিভাইসের ভবিষ্যৎ বলে প্রচার করছে কোম্পানিটি।

এর মধ্যে রয়েছে টেক্সট নতুন করে লেখার মতো ‘রাইটিং টুল’, যা কোম্পানির ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’র আপডেটেড সংস্করণ। একে ব্যক্তিগত বিভিন্ন কাজের পাশাপাশি ‘ক্লিন আপ’-এর মতো অ্যাপে কোনো ছবি থেকে মানুষ বা বস্তু সরানোর জন্যও ব্যবহার করা যেতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।

২০২১ সালের পর থেকে আইপ্যাড মিনি’তে কোনো আপডেট আসেনি। তাই এতে বিভিন্ন এআই টুল ব্যবহারের সুবিধা ছিল না, যেমনটি অ্যাপলের নতুন ‘পেনসিল স্টাইলাস’-এর মতো সাম্প্রতিক ডিভাইসগুলোয় রয়েছে।

নতুন আপডেটের পাশাপাশি আসন্ন ডিভাইসে ব্যবহার করা হয়েছে ‘এ১৭ প্রো’ চিপ, যা গত বছর এসেছিল আইফোন ১৫ প্রো’তে। কোম্পানি বলেছে, অ্যাপল ইন্টেলিজেন্স চালাতে উন্নত প্রসেসর লাগবে। এর মানে, আইফোন ১৫ প্রো ও এ বছরের আইফোন ১৬ লাইনআপেই চ্যাটবটটি ব্যবহার করার সুযোগ মিলবে।

এই চিপ ডিভাইসের গ্রাফিক্স কার্যকারিতা উন্নত করার পাশাপাশি বিভিন্ন অ্যাপ ব্যবহারের সময় দ্রুত প্রসেসিংয়ের সুবিধা দিতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেন্ডেন্ট।

এই আপডেটে স্টোরেজের অপশনও আগের চেয়ে দ্বিগুণ হয়েছে, যা নতুন সংস্করণের ওয়াইফাই ও ব্লুটুথও সমর্থন করবে।

নতুন আইপ্যাড মিনির দাম পড়বে ৪৯৯ ডলার। আর এটি বাজারে পাওয়া যাবে ২৩ অক্টোবর থেকে।