২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যান্ড্রয়েডের জন্য ‘আউটলুক লাইট’ অ্যাপ আনলো মাইক্রোসফট

মূল আউটলুক অ্যাপের তুলনায় ‘আকারে হালকা’ এই সংস্করণের মূল লক্ষ্য হলো স্বল্প ক্ষমতার ডিভাইসে দ্রুতগতিতে ও কম ব্যাটারি খরচে চলতে পারা। এ কারণে মূল আউটলুক অ্যাপের সব ফিচার নেই এতে।

অ্যান্ড্রয়েডের জন্য ‘আউটলুক লাইট’ অ্যাপ আনলো মাইক্রোসফট

ছবি: মাইক্রোসফট

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2022, 04:29 PM

Updated : 03 Aug 2022, 04:31 PM

অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য তুলনামূলক ছোট আকারের ও দ্রুতগতির ‘আউটলুক লাইট’ অ্যাপ এ সপ্তাহেই চালু করছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

মূল আউটলুক অ্যাপের তুলনায় ‘আকারে হালকা’ এই সংস্করণের মূল লক্ষ্য হলো স্বল্প ক্ষমতার ডিভাইসে দ্রুতগতিতে ও কম ব্যাটারি খরচে চলতে পারা। এ কারণে মূল আউটলুক অ্যাপের সব ফিচার নেই এতে।

“আপনার ফোনে অনেক কম জায়গা নেবে এটি।”--বলছে মাইক্রোসফট। অ্যাপটির আকার পাঁচ মেগাবাইটের মতো।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, অ্যান্ড্রয়েড ডিভাইসে দ্রুত চালানোর জন্য অ্যাপটিকে ‘অপ্টিমাইজ’ করেছে নির্মাতা, এমনকি ডিভাইসে মাত্র এক জিবি র‍্যাম থাকলেও চলবে এটি।

মূল অ্যাপের তুলনায় এই অ্যাপ যেহেতু হালকা, তাই ডিভাইসের কম ক্ষমতাই ব্যবহার করে এটি, আর এর ফলে ব্যাটারিও কম খরচ হয় এতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এর নকশা এমন যা সকল মোবাইল নেটওয়ার্কেই ভালোভাবে কাজ করবে। এই তালিকার মধ্যে ‘২জি’ এবং ‘৩জি’-ও আছে, যা বিশ্বের অনেক দেশে এখনও ব্যবহৃত হচ্ছে।

আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, ভারত, মেক্সিকো, পেরু, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তাইওয়ান, থাইল্যান্ড, তুরস্ক ও ভেনিজুয়েলাতে অ্যাপটি আনবে মাইক্রোসফট।

‘আউটলুকডটকম’, ‘হটমেইল’, ‘লাইভ’, ‘এমএসএন’, ‘মাইক্রোসফট ৩৬৫’ এবং ‘মাইক্রোসফট এক্সচেঞ্জ অনলাইন’ অ্যাকাউন্টে সমর্থন করবে আউটলুক লাইট অ্যাপটি।

বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে মেটাই প্রথম, অ্যান্ড্রয়েডে তাদের মূল অ্যাপের একটি ‘স্লিমড-ডাউন’ সংস্করণ তৈরি করেছিল। সেটির নাম ছিল ফেইসবুক লাইট।

২০১৫ সালে মাত্র এক এমবি’র অ্যাপ হিসেবে এসেছিল ‘ফেইসবুক লাইট’, সরাসরি বাজার উন্নয়নের লক্ষ্যে। তাদের অনুসরণ করে ‘গো’ নামে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ এনেছিল গুগল। এ ছাড়া, ২০১৮ সালে ‘জিমেইল গো’ নামে আরেকটি অ্যাপ উন্মোচন করেছিল কোম্পানিটি।

মাইক্রোসফট ‘আউটলুক লাইট’ অ্যাপ আত্মপ্রকাশ করছে নিজেদের মোবাইল ইমেইল সেবাকে “সেই সব ব্যবহারকারীর কাছে পৌঁছাতে যারা বিশ্বব্যাপী তুলনামূলক স্বল্প ক্ষমতার মোবাইল ডিভাইস ব্যবহার করছেন”--বলেছেন মাইক্রোসফটের সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার প্রদিপ এলভারাসান।

উইন্ডোজ অ্যাপের জন্যেও নতুন একটি ‘আউটলুক’ অ্যাপ পরীক্ষা করে দেখছে মাইক্রোসফট। পরীক্ষামূলক পর্যায়ে থাকা নতুন এই অ্যাপের পরীক্ষা হচ্ছে আউটলুক ওয়েবের ওপর ভিত্তি করে, যা আসন্ন বছরগুলোতে উইন্ডোজ অ্যাপে থাকা আউটলুক ওয়েবের জায়গা নেবে বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ।