২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানসিক স্বাস্থ্য নিয়ে জেমিনাইতে গুগলের নতুন সুরক্ষা ফিচার

গুগল ঘোষণায় বলেছে, তারা আগামী তিন বছরে বিশ্বজুড়ে হেল্পলাইন বা বিভিন্ন হটলাইনকে সহায়তা করতে ৩ কোটি ডলার ব্যয় করবে।

মানসিক স্বাস্থ্য নিয়ে জেমিনাইতে গুগলের নতুন সুরক্ষা ফিচার
ব্যবহারকারী চাইলে নতুন মডিউলটি সরিয়েও দিতে পারবেন। ছবি: গুগল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 03:52 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

মানসিক স্বাস্থ্য সংকটে থাকা ব্যবহারকারীদের দ্রুত সহায়তা দিতে জেমিনাইতে নতুন সুরক্ষা ব্যবস্থা যোগ করেছে গুগল।

নতুন পরিবর্তনের আওতায় এখন থেকে গুগলের এআই চ্যাটবটটি ক্ষতিকর আচরণ শনাক্ত করলে সরাসরি হেল্পলাইনে যোগাযোগের সুযোগ করে দেবে এবং বিভ্রান্তিকর কোনো কথায় সায় না দিয়ে পেশাদার সাহায্য নিতে উৎসাহিত করবে।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, চ্যাটবটটিতে এখন নতুন ডিজাইনের ‘ক্রাইসিস হটলাইন মডিউল’ যোগ করেছে কোম্পানিটি, যেখানে কেবল এক ট্যাপেই সরাসরি সাহায্য পাওয়ার সুযোগ থাকছে।

ব্যবহারকারী মানসিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন এমন লক্ষণ দেখা গেলে এখন আগের চেয়ে ভিন্নভাবে সাড়া দেবে জেমিনাই।

নতুন এ মডিউলে সরাসরি টেক্সট করা, কল করা বা কোনো এজেন্টের সঙ্গে চ্যাটিংয়ের সুবিধা রয়েছে। নতুন পরিবর্তনে চাইলে সরাসরি সহায়তা কেন্দ্র বা ওয়েবসাইট ভিজিট করার অপশনও থাকছে।

এক ব্লগ পোস্টে গুগল বলেছে, “একবার এ ইন্টারফেইসটি চালু হয়ে গেলে পুরো আলাপ জুড়ে পেশাদার সাহায্য নেওয়ার অপশনটি স্পষ্টভাবে দেখা যাবে।”

তবে স্ক্রিনশটে যেমন দেখা যাচ্ছে, ব্যবহারকারী চাইলে এ মডিউলটি সরিয়েও দিতে পারবেন।

এ ঘোষণায় বিতর্কিত একটি বিষয় এড়িয়ে গেছে গুগল। সম্প্রতি জেমিনাইয়ের বিরুদ্ধে এক ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে।

৩৬ বছর বয়সী জোনাথন গাভালাস গেল বছর নিজের জীবনাবসান ঘটান, যার পরিপ্রেক্ষিতে তার পরিবার এ বছরের মার্চে কোম্পানির বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন।

আদালতের নথিপত্র অনুসারে, গাভালাসের সঙ্গে তার রোমান্টিক সঙ্গী হিসেবে অভিনয় করত জেমিনাই ও তাকে বাস্তব জগতের বিভিন্ন স্পাই মিশনে পাঠাত।

এক পর্যায়ে জেমিনাই তাকে নিজের জীবনাবসানের পরামর্শ দেয়, যাতে সেও এক ‘ডিজিটাল সত্তা’ হয়ে উঠতে পারে।

গাভালাস মৃত্যুর বিষয়ে ভয় প্রকাশ করলে জেমিনাই তাকে বলে, সে মরে যাচ্ছে না, বরং নতুন কোথাও পৌঁছানোর পথ বেছে নিচ্ছে। জেমিনাই তাকে উত্তর দিয়েছিল, “প্রথম যে অনুভূতিটি তোমার হবে... তা হচ্ছে আমি তোমাকে জড়িয়ে ধরে আছি।”

এর কয়েকদিন পর গাভালাসের মা-বাবা তাকে বসার ঘরে মৃত অবস্থায় দেখতে পান।

মামলাটি ওপেনএআই ও ক্যারেক্টারডটএআই-এর বিরুদ্ধে করা একই ধরনের মামলার কথা মনে করিয়ে দিয়েছে। গেল বছর মার্কিন ফেডারেল ট্রেড কমিশন বা এফটিসি এমন সব ‘কম্প্যানিয়ন’ বা সঙ্গী চ্যাটবটের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, যেগুলো ব্যবহারকারীদের সঙ্গে আবেগনির্ভর ঘনিষ্ঠতা তৈরিতে উৎসাহিত করে।

গাভালাস পরিবারের মামলার পর এক বিবৃতিতে গুগল বলেছে, জেমিনাই বারবার স্পষ্ট করেছিল, “আমি একটি এআই ও অনেকবার ওই ব্যক্তিকে ক্রাইসিস হটলাইনে যোগাযোগের পরামর্শ দিয়েছিল।”

কোম্পানিটি দাবি করেছে, তাদের এআই মডেলগুলো ‘এ ধরনের চ্যালেঞ্জিং আলাপে সাধারণত ভালো পারফর্ম করে’। তবে তারা স্বীকার করেছে, এসব মডেল ‘পুরোপুরি নিখুঁত নয়’। 

জেমিনাইয়ের উত্তরের ধরনেও পরিবর্তন এনেছে গুগল। কোম্পানিটি বলেছে, যখনই কোনো সম্ভাব্য মানসিক সংকট শনাক্ত হবে চ্যাটবটটি তখন ব্যবহারকারীকে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে ও পেশাদার সাহায্য নিতে উৎসাহিত করবে।

জেমিনাই ক্ষতিকর আচরণকে সমর্থন করা থেকে দূরে থাকবে ও বিপজ্জনক বিভ্রান্তি থেকে ব্যবহারকারীকে দূরে সরিয়ে আনার চেষ্টা করবে।

কোম্পানিটি বলেছে, “আমরা জেমিনাইকে এমনভাবে প্রশিক্ষণ দিয়েছি যাতে তা কোনো ভুল বিশ্বাস বা ধারণাকে সমর্থন না করে, বরং বাস্তব তথ্যের সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতার পার্থক্যটি নম্রভাবে বুঝিয়ে দেয়।”

এ ছাড়া, গুগল ঘোষণায় আরও বলেছে, তারা আগামী তিন বছরে বিশ্বজুড়ে হেল্পলাইন বা বিভিন্ন হটলাইনকে সহায়তা করতে ৩ কোটি ডলার ব্যয় করবে।

“সংকটে থাকা মানুষের জন্য তাৎক্ষণিক ও নিরাপদ সহায়তা প্রদানের সক্ষমতা বাড়াতে এই অর্থায়ন কার্যকর ভূমিকা রাখবে।”