১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

অনুমোদন ছাড়া গানের কথার ব্যবহার নয়: জার্মান আদালত

জার্মান কপিরাইটওয়ালা বিভিন্ন গানের কথা অনুমতি ছাড়া পুনরায় তৈরি করছে চ্যাটজিপিটি, যেখানে সংগঠনটির প্রায় এক লাখ সদস্যের কনটেন্ট ব্যবহার করেছে ওপেনএআই।

অনুমোদন ছাড়া গানের কথার ব্যবহার নয়: জার্মান আদালত
কোম্পানিটিকে কপিরাইটওয়ালা উপাদান ব্যবহারের জন্য ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারক। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 12:49 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই এখন থেকে লাইসেন্স ছাড়া গানের লিরিকস বা কথা ব্যবহার করতে পারবে না বলে আদেশ দিয়েছে জার্মানির এক আদালত।

মার্কিন প্রযুক্তি কোম্পানিটির বিরুদ্ধে আনা জার্মানির মিউজিক রাইটস সংগঠন বা ‘জিমা’-এর পক্ষে এমন রায় দিয়ে মিউনিখের আদালত বলেছে, ‘জিমা’র কপিরাইট সংরক্ষণের অধিকার রয়েছে এবং সেই নিয়ম মানেনি ওপেনএআই।

আদালত বলেছে, এখন থেকে লাইসেন্স ছাড়া গানের লিরিকস বা কথা ব্যবহার করতে পারবে না ওপেনএআই। কোম্পানিটিকে কপিরাইটওয়ালা উপাদান ব্যবহারের জন্য ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারক এলকে শভাগার।

মামলায় জিমা যুক্তি দিয়েছে, জার্মান কপিরাইটওয়ালা বিভিন্ন গানের কথা অনুমতি ছাড়া পুনরায় তৈরি করছে ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি। সংগঠনটির প্রায় এক লাখ সদস্যের কনটেন্ট ব্যবহার করে প্রশিক্ষিত হয়েছে চ্যাটবটটি। এসব সদস্যের মধ্যে রয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হারবার্ট গ্রোয়েনেমেয়ারও।

প্রতিক্রিয়ায় ওপেনএআই বলেছে, চ্যাটজিপিটি কীভাবে কাজ করে তা ভুলভাবে বোঝার ফল জিমার এসব যুক্তি।

রয়টার্স লিখেছে, ইউরোপে জেনারেটিভ এআই সিস্টেম কীভাবে নিয়ন্ত্রিত হবে তা নির্ধারণের ক্ষেত্রে নজির তৈরি করতে পারে এ মামলা। জিমা চাইছে এমন এক লাইসেন্সিং ব্যবস্থা তৈরি করতে, যাতে এআইকে বিভিন্ন গান প্রশিক্ষণ ও আউটপুট উভয় ক্ষেত্রেই ব্যবহারের জন্য অর্থ দিতে বাধ্য থাকেন এআই ডেভেলপাররা।

তবে জার্মান আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে ওপেনএআই। জিমা এবং ওপেনএআই বলেছে, মঙ্গলবারের পর আদালতের সিদ্ধান্ত সম্পর্কে বিবৃতি দেবে তারা, অর্থাৎ এ সিদ্ধান্ত চূড়ান্ত নয়, উভয় পক্ষই পরে নিজেদের প্রতিক্রিয়া জানাবে।