২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

নতুন টেলিগ্রাম আপডেটে থাকছে ব্যক্তিগত আলাপ তদারকির সুযোগ

“টেলিগ্রাম ব্যবহারকারীর সংখ্যা হঠাৎ করেই বেড়ে ৯৫ কোটি হওয়ার ফলে ক্রমবর্ধমান সমস্যার সৃষ্টি হয়েছে, যা অপরাধীদের জন্য প্ল্যাটফর্মের অপব্যবহার সহজ করেছে।”

নতুন টেলিগ্রাম আপডেটে থাকছে ব্যক্তিগত আলাপ তদারকির সুযোগ
ছবি: পিক্সাবে

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2024, 04:06 PM

Updated : 26 Aug 2026, 10:26 AM

অনেকটা নিঃশব্দেই নিজেদের কনটেন্ট মডারেশন পলিসি আপডেট করেছে মেসেজিং পরিষেবা অ্যাপ টেলিগ্রাম।

এ প্ল্যাটফর্মে যথাযথ নজরদারিতে ব্যর্থ হওয়ার অভিযোগে ফ্রান্সে কোম্পানির প্রধান নির্বাহী পাভেল দুরভ গ্রেপ্তার হওয়ার কয়েক দিনের মধ্যেই এ পদক্ষেপ এল।

ব্যবহারকারীরা এখন ব্যক্তিগত ও ‘গ্রুপ চ্যাটে’ অবৈধ কনটেন্ট রিপোর্ট করতে পারবেন, যা টেলিগ্রাম মডারেটররা পরে পর্যালোচনা করবেন; কোম্পানির ওয়েবসাইটের একটি আপডেট অনুসারে এক প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

“সব টেলিগ্রাম অ্যাপে 'রিপোর্ট' বোতাম রয়েছে যা আপনাকে মডারেটরদের জন্য অবৈধ কনটেন্ট চিহ্নিত করতে দেয়, মাত্র কয়েকটি চাপে।” – টেলিগ্রামের ‘এফএকিউ’ বা প্রায়ই আসা প্রশ্ন পৃষ্ঠায়, প্ল্যাটফর্মের অবৈধ কনটেন্ট সরিয়ে ফেলার উপায় জানতে চাওয়া প্রশ্নের উত্তরে এটি বলেছে কোম্পানি।

এ আপডেটে মাধ্যমে সব প্রাইভেট ও গ্রুপ চ্যাটের বার্তা কেবল অংশ নেওয়া ব্যবহারকারীদের মধ্যে সীমাবদ্ধ রাখার নীতি থেকে প্ল্যাটফর্মটি সরে আসছে বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।

“পরিবর্তনটি টেলিগ্রামের কনটেন্ট কীভাবে রিপোর্ট করা যায় সেটিই পরিষ্কার করার জন্য করা হয়েছে। এটি বড় কোনো পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত নয়।” — ইন্ডিপেনডেন্ট-কে বলেছেন টেলিগ্রামের এক মুখপাত্র।

অগাস্টে প্যারিস বিমানবন্দরে গ্রেপ্তারের পর প্রথম প্রকাশ্য মন্তব্যে, টেলিগ্রামের সিইও পাভেল দুরভ দাবি করেন, প্ল্যাটফর্মে তৃতীয় পক্ষের সংঘটিত অপরাধের জন্য কর্তৃপক্ষ প্রযুক্তি কর্তাদের ধরছেন, যা “ভুল পদ্ধতি”।

পাশাপাশি, টেলিগ্রাম অপরাধীদের জন্য দারুণ আশ্রয়স্থল এ বিষয়টিও অস্বীকার করেন তিনি।

“কিছু সংবাদমাধ্যমে টেলিগ্রামকে নৈরাজ্যের স্বর্গরাজ্য বলে বর্ণনা করছে, যা একেবারেই অসত্য।” – বৃহস্পতিবার নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের এক পোস্টে লিখেছেন দুরভ।

“আমরা প্রতিদিন লাখ লাখ ক্ষতিকর পোস্ট ও চ্যানেল সরিয়ে ফেলি। আমরা দৈনিক ট্রান্সপারেন্সি রিপোর্ট প্রকাশ করি। জরুরী মডারেশনের অনুরোধগুলো দ্রুত প্রক্রিয়ার জন্য আমাদের বিভিন্ন সংস্থার সঙ্গে সরাসরি হটলাইনও রয়েছে।”

“তবে, আমরা শুনছি এসব যথেষ্ট নয়। টেলিগ্রাম ব্যবহারকারীর সংখ্যা হঠাৎ করেই বেড়ে ৯৫ কোটি হওয়ার ফলে ক্রমবর্ধমান সমস্যার সৃষ্টি হয়েছে, যা অপরাধীদের জন্য প্ল্যাটফর্মের অপব্যবহার সহজ করেছে। তাই এ বিষয়ে উল্লেখযোগ্য উন্নতি করার বিষয়টি আমি ব্যক্তিগত লক্ষ্য বানিয়েছি। এরইমধ্যে আমরা অভ্যন্তরীণভাবে এ প্রক্রিয়া শুরু করেছি।”