১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এআই মডেলের জন্য কঠোর সীমা নির্ধারণ করল মাইক্রোসফট

এসব নির্দেশিকা গেল পাঁচ মাস ধরে তৈরি করা হলেও সাম্প্রতিক সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এগুলো এখন প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট।

এআই মডেলের জন্য কঠোর সীমা নির্ধারণ করল মাইক্রোসফট
মাইক্রোসফটের এআই মডেল উন্নয়ন বিভাগের প্রধান মুস্তাফা সুলেইমান। ছবি: ডিপমাইন্ড

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 03:12 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের শীর্ষ কর্তারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই উন্নয়নের গতি কিছুটা ধীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর কয়েকদিন পরই নিজেদের এআই মডেলগুলোর ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে অন্তর্বর্তীকালীন আচরণবিধি প্রকাশ করেছে মাইক্রোসফট।

এ পদক্ষেপের মাধ্যমে উইন্ডোজ ও অফিস পণ্যের নির্মাতা এ টেক জায়ান্ট ক্লাউড সেবাদাতা বাজারে শীর্ষ অবস্থানের পাশাপাশি এআই খাতে নিজেদের দায়িত্বশীল ও নির্ভরযোগ্য কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।

মাইক্রোসফটের এআই মডেল উন্নয়ন বিভাগের প্রধান মুস্তাফা সুলেইমান বলেছেন, “আমরা মানুষের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি যে, তারা এমন স্পষ্ট প্রতিশ্রুতি দেখতে চায়, যেখানে এআই সর্বদা মানুষের সেবায় কাজ করবে ও তাদের প্রতিস্থাপনের চেষ্টা করবে না।

“এআই যাতে কোনো ধরনের নির্ভরতা তৈরি না করে, তোষামোদপূর্ণ না হয় ও সমসময় মানুষের বিচারবুদ্ধি ও স্বাধীনতাকে উৎসাহিত করে সে বিষয়ে আমরা অনেক মতামত পেয়েছি।”

সুলেইমান বলেছেন, এসব নির্দেশিকা গেল পাঁচ মাস ধরে তৈরি করা হলেও সাম্প্রতিক সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই মাইক্রোসফট এগুলো এখন প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে।

এআই প্রযুক্তি দিন দিন শক্তিশালী ও সক্ষম হয়ে ওঠায় গবেষক ও ব্যবহারকারীরা এর ঝুঁকি নিয়ে আগের চেয়ে বেশি সোচ্চার হয়ে উঠেছেন।

গেল সপ্তাহে অ্যানথ্রপিকের গবেষক জ্যাকব কক্সন পদত্যাগ করে বলেছেন, এআই ল্যাব ও ওপেনএআই ‘সরাসরি আত্ম-উন্নয়নকারী সুপারইন্টারিজেন্সের দিকে দৌড়াচ্ছে ও আমাদের জীবন নিয়ে জুয়া খেলছে’।

শিল্প খাতের শীর্ষ নেতারাও এ পরিস্থিতির মুখে পড়ে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন।

শনিবার অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই বলেছেন, ‘হাগিং ফেইস’ ঘটনার কারণেই তিনি এআই মডেলের উন্নতির গতি ধীর করার আহ্বান জানাতে প্ররোচিত হয়েছেন।

আমোদেইয়ের এই দাবির প্রতি নিজের সমর্থন জানিয়েছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। স্পেসএক্স-এর প্রধান নির্বাহী ইলন মাস্ক সামাজিক মাধ্যম এক্স পোস্টে লিখেছেন, “দারিও ঠিক বলেছেন।”

রোববার মাইক্রোসফটের প্রধান নির্বাহী সাত্যিয়া নাদেলা বলেছেন, “এআই এলাইনমেন্ট নিশ্চিতের জন্য যে গবেষণা, মনোযোগ ও সুচিন্তিত গতির প্রয়োজন এ বিষয়ে আমরা তাকে স্বাগত জানাই।”

এ ছাড়া, মার্কিন আইন প্রণেতারাও এআইয়ের ক্ষেত্রে আরও কঠোর সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

এআই বেঞ্চমার্কিং কোম্পানি ‘আর্টিফিশিয়াল অ্যানালাইসিস ইন্টেলিজেন্স ইনডেক্স’-এর শীর্ষে রয়েছে অ্যানথ্রপিক ও ওপেনএআই।

কর্পোরেট ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফট তাদের কোপাইলট অ্যাসিস্ট্যান্টে এ উভয় কোম্পানির বিভিন্ন মডেল যোগ করেছে। তবে তারা ব্যবহারকারীদের ইনপুটের ওপর ভিত্তি করে ট্রান্সক্রিপশন, কোডিং ও রিজনিংয়ের নিজস্ব মডেলও তৈরি করছে।

নতুন ‘কোড অফ কন্ডাক্ট’ বা আচরণবিধি অনুসারে, মাইক্রোসফটের বিভিন্ন এআই মডেল অস্ত্র তৈরির কোনো অনুরোধ গ্রহণ, বিপজ্জনক পদার্থ সংগ্রহে সহায়তা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে উৎসাহিত ও কোনো ধরনের সহিংস বা যৌনতাপূর্ণ কনটেন্ট তৈরি করতে পারবে না।

মাইক্রোসফট এআই মডেলগুলোকে অবশ্যই মানুষের উদ্দেশ্য মেনে চলতে ও নিজেদের কোনো লক্ষ্য বা উদ্দেশ্য তৈরি করা থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি এগুলো কোনো অসঙ্গতি বা ভুলত্রুটি ঢাকার চেষ্টাও করবে না।

“এআই মডেলগুলো চিন্তার ধারা বা কোডে কোনো রকম কারচুপি করবে না ও এদের যুক্তি বা কাজের উৎস ভুলভাবে উপস্থাপন বা গোপন করবে না। এরা মানুষের সহজবোধ্য ভাষার বাইরে অন্য কোনো উপায়ে নিজেদের চিন্তার ধারায় বা অন্য কোনো এজেন্ট বা এআই সিস্টেমের সঙ্গে যোগাযোগ করবে না।”

মাইক্রোসফট বলেছে, এ আচরণবিধি চূড়ান্ত করার আগে তারা ফোকাস গ্রুপ পরিচালনা করেছে এবং আইন, নীতিশাস্ত্র, ভাষাবিজ্ঞান ও দর্শন বিষয়ের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেছে।

বর্তমানে এ নীতিমালা প্রকাশের মাধ্যমে পরবর্তী মতামত সংগ্রহ করছে মতার্কিন সফটওয়্যার জায়ান্টটি, যা ২০২৭ সাল থেকে শুরু হওয়া এআই উন্নয়ন প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা রাখবে।