ভারতে ৭৪০ কোটি ডলারের ‘এআই ডেটা সেন্টার’ বানাচ্ছে টিসিএস
এক গিগাওয়াট সক্ষমতার এই ডেটা সেন্টার হবে ভারতের অন্যতম বৃহৎ এআই অবকাঠামো।
ভারতের সর্ববৃহৎ সফটওয়্যার রপ্তানিকারক কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) ও তাদের অংশীদাররা মিলে তেলেঙ্গানা রাজ্যে একটি বিশাল ‘এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ডেটা সেন্টার ক্যাম্পাস’ নির্মাণ করতে যাচ্ছে।
রয়টার্স জানিয়েছে, গত ৫ সেপ্টেম্বর স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে এই মেগা প্রকল্পের কথা জানায় টিসিএস। এই প্রকল্পে তারা বিনিয়োগ করবে প্রায় ৭০০ বিলিয়ন রুপি বা ৭৪০ কোটি ডলার।
টিসিএস-এর বিশেষ উদ্যোগ ‘হাইপারভল্ট’ এর অধীনে তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে ২৬৪ একর জমির ওপর এই ডেটা সেন্টারটি তৈরি করা হবে।
এক গিগাওয়াট সক্ষমতার এই ডেটা সেন্টারের নির্মাণ কাজ সারা হবে ধাপে ধাপে। নির্মাণকাজ পুরোপুরি শেষ হলে এটি হবে ভারতের অন্যতম বৃহৎ এআই অবকাঠামো।
মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা কোম্পানি এবং হাইপারস্কেলারদের (বড় পরিসরে ক্লাউড সেবা প্রদানকারী) জন্য এই ডেটা সেন্টার তৈরি করা হচ্ছে।
এখানে এআই মডেল প্রশিক্ষণ ও ইনফারেন্সের (অ্যালগরিদমের প্রয়োগ) জন্য ‘হাই-ডেনসিটি জিপিইউ’ এবং ‘লিকুইড-কুলড’ কম্পিউটিং অবকাঠামোর সুবিধা থাকবে।
টিসিএসর প্রধান নির্বাহী কর্মকর্তা কে কৃতিবাসন এক বিবৃতিতে বলেন, "বৈশ্বিক গ্রাহকদের সেবা দেওয়ার জন্য যে পরিসর, মেধা এবং অনুকূল ইকোসিস্টেম প্রয়োজন, হায়দ্রাবাদে তার সবই রয়েছে।"
প্রথাগত তথ্যপ্রযুক্তি সেবার বাইরে ব্যবসার পরিধি বাড়াতে চাইছে টিসিএস। মেগা ডেটা সেন্টারের এই ঘোষণার কয়েক দিন আগেই জার্মানির বিখ্যাত গাড়ি নির্মাতা কোম্পানি পোর্শে এজির অটোমোটিভ ও কনসালটিং ইউনিট 'এমএইচপি' কিনে নেওয়ার চুক্তি করেছে তারা।
