২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর মামলা নিষ্পত্তিতে ইতালিকে ৩৪ কোটি ডলার দেবে গুগল

এর আগে, কর ফাঁকির অভিযোগে কয়েক বছর ধরে চলা বিরোধ নিষ্পত্তির জন্য ফরাসি কর্তৃপক্ষকে একশ কোটি ডলার জরিমানা দিয়েছে মার্কিন এই সার্চ জায়ান্টটি।

কর মামলা নিষ্পত্তিতে ইতালিকে ৩৪ কোটি ডলার দেবে গুগল
ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2025, 04:42 PM

Updated : 26 Aug 2026, 11:51 AM

কর মামলা নিষ্পত্তি করতে ইতালিকে ৩৪ কোটি ডলার বা ৩২ কোটি ৬০ লাখ ইউরো দিতে রাজি হয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল।

বুধবার মিলানের সরকার পক্ষের আইনজীবীরা বলেছেন, ‘গুগল আয়ারল্যান্ড লিমিটেড’-এর বিরুদ্ধে কর ফাঁকির তদন্ত বাতিলের চেষ্টা করছেন তারা। কারণ এ মামলা নিষ্পত্তিতে ৩৪ কোটি ডলার দিতে রাজি হয়েছে গুগল।

২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইতালিতে তাদের আয়ের ওপর কর পরিশোধ না করার জন্য গুগলের বিরুদ্ধে মিলানের সরকারি পক্ষের আইনজীবীরা তদন্ত শুরু করেছিলেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। 

ওই মামলায় গত বছর গুগলকে একশ কোটি ইউরোর অপরিশোধিত কর ও জরিমানা বাবদ ১০০ কোটি ইউরো পরিশোধ করতে বলেছিল রোম। 

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি গুগল।

এর আগে, কর ফাঁকির অভিযোগে কয়েক বছর ধরে চলা বিরোধ নিষ্পত্তির জন্য ফরাসি কর্তৃপক্ষকে একশ কোটি ডলার জরিমানা দিয়েছে মার্কিন এই সার্চ জায়ান্টটি।