২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজস্ব প্রযুক্তিতে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণে প্রস্তুত হচ্ছে মেক্সিকো

এর আগে, গত মাসেই চীনের সহযোগিতায় দুটি স্যাটেলাইট পুথিবীর নিম্ন কক্ষপথে পাঠিয়েছে দেশটি।

নিজস্ব প্রযুক্তিতে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণে প্রস্তুত হচ্ছে মেক্সিকো
নতুন এসব স্যাটেলাইট ‘কিউবস্যাট’ প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এগুলো আকারে খুবই ছোটম ওজন প্রায় প্রায় ১ কেজি। ছবি: ইউপিএইপি

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2025, 02:36 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে মেক্সিকো।

মহাকাশ গবেষণার ক্ষেত্রে প্রধান খেলোয়াড়দের নাম বলতে শুরুতেই উঠে আসে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের কথা। ১৯৫০-এর দশকে মহাকাশে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল রাশিয়া ও আমেরিকা। সে তুলনায় মেক্সিকোর মহাকাশ সংস্থা ‘এইএম’ প্রতিষ্ঠিত হয়েছে ২০১০ সালে এবং ২০১৩ সালে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে সংস্থাটি।

‘এইএম’-এর সঙ্গে কাজ করে জাতিসংঘের মহাকাশবিষয়ক অফিস। তারা বলেছে, এ প্রোগ্রামের লক্ষ্য হল ‘মেক্সিকোকে এমন একটি দেশ হিসেবে গড়ে তোলা, যেখানে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়ন এমন পর্যায়ে পৌঁছাবে, যার মাধ্যমে দেশটি আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগিতা করতে পারবে’।

সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোর মহাকাশ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট স্ল্যাশগিয়ার। ২০২৪ সালে নাসার সঙ্গে মিলে মেক্সিকান মহাকাশ প্রযুক্তি পরীক্ষা করেছে এইএম।

২০২৫ সালের সেপ্টেম্বরে চীনের সহযোগিতায় দুটি স্যাটেলাইট পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠিয়েছে মেক্সিকো, যা ছিল মহাকাশে দেশটির প্রথম সফল বাণিজ্যিক অভিযান।

এখন বৈশ্বিক পর্যায়ে নিজেদের অবস্থান মজবুত করতে ও বিদেশি স্যাটেলাইটের ওপর নির্ভরতা কমাতে ২০২৬ সালের ডিসেম্বর থেকে ‘মিশন ইক্সটলি’ নামে চারটি পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে মেক্সিকো।

মিশন ইক্সটলি

‘ইক্সটলি’ শব্দটি মেক্সিকোর নাহুয়াতল ভাষার একটি শব্দ, যার মানে ‘দেখার চোখ’। এ প্রোগ্রামের উন্নয়নে মেক্সিকোর বিভিন্ন কোম্পানি কাজ করছে, যার মধ্যে রয়েছে দেশটির ‘ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি অফ মেক্সিকো’, ‘সেন্টার ফর সায়েন্টিফিক রিচার্স অ্যান্ড হাইয়ার এডুকেশন অফ এন্সেনাদা’ এবং পুয়েবলা রাজ্যের ‘পপুলার অটোনোমাস ইউনিভার্সিটি’।

২০২৪ সালের শেষে থেকে ‘মিশন ইক্সটলি’ প্রোগ্রামের উন্নয়নে কাজ করছে এসব প্রতিষ্ঠান। ‘মিশন ইক্সটলি’র চারটি স্যাটেলাইটের মধ্যে প্রথমটি উৎক্ষেপণ হবে ২০২৬ সালে। পরবর্তী স্যাটেলাইটগুলো ২০২৭ সালে এবং সম্ভবত এক বা দুটি ২০২৮ সালে উৎক্ষেপিত হবে।

এ প্রোগ্রামের প্রথম বছরের বাজেট ছিল প্রায় ৫৪ লাখ ডলার। তবে সংস্থাটি আগামী বছর আরও বেশি দেশীয় প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে ফলে এতে বাজেট বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ প্রকল্পের মূল লক্ষ্য, প্রকল্পটি শেষ হওয়ার আগে কমপক্ষে ৫০ শতাংশ কাজ শেষ করা, যার মধ্যে রয়েছে বিভিন্ন গ্রাউন্ড স্টেশন নির্মাণের কাজ, যা মেক্সিকোতেই তৈরি হবে। ‘মিশন ইক্সটলি’কে এই লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে ২০২৭ সালের জন্য প্রস্তাবিত বাড়তি বাজেট।

তবে এসব স্যাটেলাইটগু যোগাযোগ বা গ্রহবিজ্ঞান গবেষণার জন্য ব্যবহার হবে না, বরং এসব পর্যবেক্ষণমূলক স্যাটেলাইট মেক্সিকো বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করবে, যেমন– বনাঞ্চলে আগুন নজরে রাখা, কৃষিকাজ ব্যবস্থাপনা, নির্দিষ্ট কিছু প্রাণীর প্রজাতি পর্যবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ কাজ।

নতুন এসব স্যাটেলাইট ‘কিউবস্যাট’ প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এগুলো আকারে খুবই ছোট, প্রতিটির দৈর্ঘ্য প্রায় চার ইঞ্চির কম এবং ওজন প্রায় প্রায় ১ কেজি। এগুলো মডিউলার বা ছোট ছোট একক দিয়ে তৈরি, যা একত্রিত করে বড় স্যাটেলাইট গঠিত হয়।

চারটি স্যাটেলাইটের মধ্যে দুইটি থাকবে ছয়টি ইউনিট নিয়ে, আর বাকি দুইটি থাকবে ১৬টি ইউনিট নিয়ে। এসব স্যাটেলাইট মানুষের চোখে দেখা যায় না এমন আলোর তরঙ্গদৈর্ঘ্য ধারণ করতে পারবে, যাকে বলে ‘মাল্টিস্পেকট্রাল ইমেজিং’। ‘মিশন ইক্সটলি’র বাস্তব সুফল পেতে মেক্সিকোকে হয়তো ১০ বছর অপেক্ষা করতে হতে পারে।