২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

আধুনিক রূপ নিয়ে ফিরল কপারের ‘চার্লি’ ইনডাকশন স্টোভ

ইনডাকশন স্টোভটি এখন আগের চেয়ে অনেক দ্রুত গরম হবে। ৩৫০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় পৌঁছাতে কেবল ৩ মিনিট ৫০ সেকেন্ড সময় নেয়।

আধুনিক রূপ নিয়ে ফিরল কপারের ‘চার্লি’ ইনডাকশন স্টোভ

‘নিউ চার্লি’ নামে পরিচিত কপারের এ নতুন ইনডাকশন স্টোভে চারটি প্রধান উন্নতি এনেছে কপার। ছবি: কপার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 11:42 AM

Updated : 27 Sep 2026, 11:42 AM

প্রযুক্তির দুনিয়ায় চুলা অনেকের কাছে সাধারণ গৃহস্থালি সরঞ্জাম। তবে, বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি মেলা সিইএস’তে আলোড়ন তৈরি করা কপারের স্টোভটি এবার শক্তিশালী ও সহজে ইনস্টল করা যায় এমন রূপে হাজির হয়েছে।

‘সিইএস ২০২৫’ প্রদর্শনীতে দর্শনার্থীদের নজর কেড়েছিল কপারের ‘চার্লি’ ইনডাকশন রেঞ্জ’ বা স্টোভ, যেটাকে এবার আরও শক্তিশালী ও বাড়িতে ইনস্টল করা সহজ করার লক্ষ্যে বেশ কিছু নতুন আপগ্রেড আনা হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

কোম্পানিটি বলেছে, ‘নিউ চার্লি’ নামে পরিচিত কপারের এ নতুন ইনডাকশন স্টোভে চারটি প্রধান উন্নতি আনা হয়েছে। যার মধ্যে প্রথম পরিবর্তনটি এর আগের মডেলের ২৭০০ ওয়াটের তুলনায় আরও শক্তিশালী ব্রয়লার, যা এখন তিন হাজার ওয়াট পর্যন্ত শক্তি দেবে।

এ ছাড়া, ওভেনটি এখন আগের চেয়ে অনেক দ্রুত গরম করা সম্ভব হবে। ৩৫০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় পৌঁছাতে কেবল ৩ মিনিট ৫০ সেকেন্ড সময় নেয়।

মূল মডেলের তুলনায় এটা প্রায় ১৫ শতাংশ দ্রুতগতির হলেও মূল মডেলটি নির্দিষ্ট একই তাপমাত্রায় পৌঁছাতে ৪ মিনিট ৩০ সেকেন্ড সময় নিত যা এরইমধ্যে বেশ দ্রুত বলে বিবেচিত ছিল।

পাশাপাশি, নতুন চার্লি স্টোভের বিভিন্ন বার্নারও আগের চেয়ে শক্তিশালী করা হয়েছে। পুরনো মডেলের ২ দশমিক ৮ কিলোওয়াটের পরিবর্তে নতুন রেঞ্জে ৩ কিলোওয়াটের ইনডাকশন জোন রেখেছে কপার।

তবে যারা নিজেদের পুরনো চুলার বদলে এটা ইনস্টল করতে চান তাদের জন্য সবচেয়ে বড় আপডেটটি হচ্ছে, আগের মডেলটি কেবল ১২০ ভোল্টের সকেটে সীমাবদ্ধ থাকলেও নতুন মডেলটি এখন ১২০ ও ২৪০ ভোল্ট উভয় ধরনের সকেটের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। এর মানে, চুলার পেছনে যে কোনো ধরনের প্লাগই থাকুক না কেন রান্নাঘরের ইলেকট্রিক ওয়্যারিং বা তার পরিবর্তন করার কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই চার্লি স্টোভটি লাগিয়ে নেওয়া যাবে।

রান্না দ্রুত করার জন্য বিল্ট-ইন ব্যাটারি, অনবোর্ড ডিসপ্লে, নিখুঁত তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং সহজে পরিষ্কার করার জন্য ফ্ল্যাট ও মসৃণ সারফেসের স্টোভটির মূল বিভিন্ন ফিচার অপরিবর্তিত রেখেছে কপার।

কোম্পানিটির ওয়েবসাইটে এখনও এটা তালিকাভুক্ত না হলেও খুব শিগগিরই চার্লি স্টোভটিতে চেরি রঙের ফিনিশিংওয়ালা হ্যান্ডেল ও নব-এর মতো আকর্ষণীয় কিছু নতুন ডিজাইনের অপশনও যোগ হতে চলেছে।

উৎপাদন বাড়াতে পর্দার অন্তরালে বড় ধরনের সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে কপার। এ লক্ষ্যে তারা হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড ‘মিলি’র সঙ্গে পার্টনারশিপ করেছে।

এখন থেকে যুক্তরাষ্ট্রের অ্যালাবামায় মিলির নিজস্ব কারখানায় ‘চার্লি’ রেঞ্জ বা স্টোভগুলো তৈরি হবে। ফলে এ পণ্যের উৎপাদন বৃদ্ধি ও নির্ভরযোগ্যতা আরও বাড়বে। কারণ, মিলি গৃহস্থালি যন্ত্রপাতি তৈরির অন্যতম ব্র্যান্ড ও প্রচলিতভাবে তারা থার্ড পার্টির কোনো পণ্যের জন্য নিজেদের উৎপাদন সুবিধা দিতে সচরাচর রাজি হয় না।

তবে এ নতুন চার্লি স্টোভের নেতিবাচক দিক হচ্ছে, এর দাম আগের মডেলের তুলনায় ৮০০ ডলার বাড়ানো হয়েছে। ফলে স্টেইনলেস স্টিল মডেলটির দাম দাঁড়িয়েছে ৬ হাজার ৭৯৯ ডলার ও আকর্ষণীয় ওয়ালনাট বা কাঠের ফিনিশিং সংস্করণের দাম গিয়ে ঠেকেছে ৭ হাজার ১৯৯ ডলারে।

একটি চুলার জন্য এ পরিমাণ অর্থ নিঃসন্দেহে বেশিরভাগ ক্রেতারই নাগালের বাইরে। তবে এটা আকর্ষণীয় ও শক্তিশালী গ্যাজেট।

যে সকল সৌখিন রাঁধুনি গ্যাস স্টোভ বদলে ইনডাকশন ব্যবহারের কথা ভাবছেন ‘ইমপালস’-এর মতো উন্নত ব্র্যান্ডগুলোর পাশাপাশি চার্লি স্টোভটি আধুনিক ইলেকট্রিক চুলার শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আদর্শ ডিভাইস হতে পারে।