১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কর্মীদের আন্তর্জাতিক ভ্রমণ এড়িয়ে চলার সতর্কতা গুগল, অ্যাপলের

কর্মীদের সতর্ক করে কোম্পানি দুটি বলেছে, যুক্তরাষ্ট্রে যাদের পুনরায় প্রবেশের জন্য ভিসা স্ট্যাম্প প্রয়োজন আপাতত তাদের দেশের বাইরে না যাওয়াই ভালো।

কর্মীদের আন্তর্জাতিক ভ্রমণ এড়িয়ে চলার সতর্কতা গুগল, অ্যাপলের
অ্যপল ও গুগলের সঙ্গে আরও অনেক মার্কিন প্রযুক্তি কোম্পানিই এ ধরনের সতর্কবার্তা জারি করেছে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2025, 05:56 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

ভিসাধারী কর্মীদের আন্তর্জাতিক ভ্রমণ এড়িয়ে চলার বিষয়ে সতর্ক করেছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল ও আইফোন নির্মাতা অ্যাপল।

মার্কিন সংবাদমাধ্যম বিজনেজ ইনসাইডার প্রতিবেদনে লিখেছে, গুগল ও অ্যাপলের হয়ে কাজ করা আইন বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের কর্মীদের সতর্ক করে বলেছে, যাদের যুক্তরাষ্ট্রে ফিরতে হলে ভিসা স্ট্যাম্প প্রয়োজন আপাতত তাদের দেশের বাইরে না যাওয়াই ভালো। কারণ বর্তমানে ভিসা প্রসেসিং হতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগছে।

গুগল প্রতিনিধিত্বকারী ‘বিএএল ইমিগ্রেশন ল’ ও অ্যাপল প্রতিনিধিত্বকারী ‘ফ্র্যাগোমেন’ নামের এ দুই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কিছু মেমোতে এমন ‘তথ্য দেখেছে’ বিজনেস ইনসাইডার।

‘ফ্র্যাগোমেন’ অভ্যন্তরীণ এক মেমোতে বলেছে, “সাম্প্রতিক এসব পরিবর্তন এবং যুক্তরাষ্ট্রে ফেরার সময় অপ্রত্যাশিত ও দীর্ঘ দেরির আশঙ্কার কথা মাথায় রেখে আমরা দৃঢ়ভাবে পরামর্শ দিচ্ছি, যাদের পাসপোর্টে বর্তমানে কার্যকর এইচ-১বি ভিসা স্ট্যাম্প নেই তারা যেন আপাতত আন্তর্জাতিক ভ্রমণ এড়িয়ে চলেন।”

পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বিজনেস ইনসাইডারকে বলেছেন, বিভিন্ন দূতাবাস এখন অন্য সবকিছুর চেয়ে ‘প্রতিটি ভিসার আবেদন অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করাকে’ সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

মার্কিন ডিজিটাল নিউজ পোর্টাল ‘স্যালন’ও প্রতিবেদন লিখেছে, ডিসেম্বরে নিজেদের মার্কিন কাজের ভিসা নবায়ন করতে দেশে ফিরেছিলেন ‘কয়েকশ’ ভারতীয়, যাদের ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট বাতিল বা পেছানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাইকরণের নতুন নিয়মের কারণেই এমনটি ঘটেছে।

এ বিষয়ে টেকক্রাঞ্চের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি গুগল ও অ্যাপল।

সেপ্টেম্বরে হোয়াইট হাউস ঘোষণা করেছিল, প্রতিটি এইচ-১বি ভিসা আবেদনের জন্য ১ লাখ ডলার ফি দিতে হবে নিয়োগকর্তাদের।

অ্যপল ও গুগলের সঙ্গে আরও অনেক মার্কিন প্রযুক্তি কোম্পানিই এ ধরনের সতর্কবার্তা জারি করেছে।