১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এআই চমক নিয়ে মে মাসে শুরু হচ্ছে গুগল আই/ও ২০২৬ ইভেন্ট

‘গুগল আই/ও’ ইভেন্টটি ডেভেলপার বা প্রোগ্রামারদের জন্য হলেও সাধারণত এখানেই অ্যান্ড্রয়েডের বড় ধরনের বিভিন্ন পরিবর্তনের প্রথম আভাস মেলে।

এআই চমক নিয়ে মে মাসে শুরু হচ্ছে গুগল আই/ও ২০২৬ ইভেন্ট
এ ইভেন্টে নিজেদের বড় সব ঘোষণা ও চমকপ্রদ আপডেটের কথা তুলে ধরে গুগল। ছবি: গুগল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2026, 03:41 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ও অন্যান্য পরিষেবার জন্য কী কী নতুন ফিচার ও আপডেট পরিকল্পনা করেছে তা নিয়ে শিগগিরই বিস্তারিত জানাবে গুগল।

কোম্পানিটি বলেছে, আগামী ১৯ ও ২০ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের বার্ষিক সম্মেলন ‘গুগল আই/ও ২০২৬’।

প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, প্রতিবারের মতো এবারও নিজেদের মূল বক্তব্য ও বিভিন্ন সেশন সবার জন্য বিনামূল্যে সরাসরি অনলাইনে প্রচার করবে মার্কিন সার্চ জায়ান্টটি।

গুগলের এ ইভেন্টের শুরুর দিকের কিনোট স্পিচ গুরুত্বপূর্ণ। কারণ এতেই নিজেদের বড় ঘোষণা ও চমকপ্রদ সব আপডেটের কথা সবার সামনে তুলে ধরে গুগল।

‘গুগল আই/ও’ ইভেন্টটি ডেভেলপার বা প্রোগ্রামারদের জন্য হলেও সাধারণত এখানেই অ্যান্ড্রয়েডের বড় ধরনের বিভিন্ন পরিবর্তন প্রথম জানানো হয়। এসব পরিবর্তন কোটি কোটি মানুষের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় সরাসরি প্রভাব ফেলে।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে গুগলের পরবর্তী পরিকল্পনা, বিশেষ করে জেমিনাইয়ের ভবিষ্যৎ নিয়েও অনেক গুরুত্বপূর্ণ খবর এ ইভেন্টে পাওয়া যাবে।

গত কয়েক বছরের মতো এবারও গুগল একটি ধাঁধা বা ‘পাজল’ সমাধানের মাধ্যমে ২০২৬ সালের সম্মেলনের তারিখ ঘোষণা করেছে।

এ বছর আই/ও ওয়েবসাইটের সেই ধাঁধায় বেশ কিছু ধাপ রয়েছে, যেগুলোর সবকটিতেই জেমিনাই ব্যবহার করেছে কোম্পানিটি।

ধাঁধাটি শুরু হয় মিনি গলফ গেইমের মাধ্যমে, যেখানে ‘ক্যাডি’ নামের জেমিনাই চালিত একজন ভার্চুয়াল সাহায্যকারী (গলফ মাঠে সহকারীদেরও ক্যাডি বলে) আপনাকে কিছু সাধারণ পরামর্শ দেবে। 

এরপর দ্বিতীয় ধাপে রয়েছে ‘ননোগ্রাম’ গেইম। কেউ যদি কখনও ‘পিক্রস’ গেইম খেলে থাকেন তবে তার কাছে এই গেইম পরিচিত মনে হতে পারে।

গেইমটি একটি গ্রিড বা ছকের ওপর লজিক ব্যবহার করে টাইলস বসিয়ে ছবি তৈরি করার খেলা, যেখানে জেমিনাই এআই ব্যবহার করে ‘অগণিত গেইম বোর্ড তৈরি করেছে’ গুগল।

বাকি তিনটি মিনি গেইমের মধ্যে প্রথমটি ‘ওয়ার্ড হুইল’, যেখানে গেইমের বিভিন্ন লেভেল ‘স্বয়ংক্রিয়ভাবে তৈরি করতে জেমিনাই ৩’ ব্যবহার করেছে’ কোম্পানিটি। 

এরপর রয়েছে ‘সুপার সনিকবট’। এ গেইমে ‘জেমিনাই ব্যবহার করে মাইক্রোফোন প্রযুক্তি যুক্ত করেছে গুগল, যেখানে কারো গলার শব্দ বা আওয়াজ দিয়ে অ্যান্ড্রয়েড বটের উচ্চতা নিয়ন্ত্রণ করা যাবে’।

সবশেষ গেইমটি ‘স্ট্রেচি ক্যাট’, এখানে ‘জেমিনাই ৩-কে একজন স্টেজ ডিজাইনার হিসেবে ব্যবহার করেছে’ কোম্পানিটি, যা ‘গেইমের নিয়ম ও জটিলতার মধ্যে ভারসাম্য বজায় রেখে অগণিত প্লে-টাইম তৈরি করতে পারে’।