চীনের ডিজিটাল নীতিমালায় শিশুদের জন্য ক্ষতিকর সেবা নিষিদ্ধ
খসড়া নীতিমালায় রয়েছে, সম্মতি ছাড়া অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ভার্চুয়াল মানুষ তৈরি করা যাবে না।
চীনের সাইবারস্পেস নিয়ন্ত্রক সংস্থা ‘ডিজিটাল হিউম্যান’ বা ভার্চুয়াল মানব তদারকিতে নতুন খসড়া নীতিমালা প্রকাশ করেছে, যার মূল লক্ষ্য শিশুদের আসক্তি ঠেকানো, নিরাপত্তা নিশ্চিত করা ও এআই প্রযুক্তির অপব্যবহার ঠেকানো।
রয়টার্স লিখেছে, শুক্রবার ‘ডিজিটাল হিউম্যান’ বা কৃত্রিম মানুষ তৈরির প্রযুক্তি তদারকির জন্য খসড়া নীতিমালা জারি করেছে চীনের সাইবারস্পেস নিয়ন্ত্রক সংস্থা, যেখানে এসব বটের মাধ্যমে তৈরি কনটেন্টে স্পষ্ট লেবেল ব্যবহারের নির্দেশ এবং শিশুদের বিভ্রান্ত করতে পারে বা আসক্তি বাড়াতে পারে এমন পরিষেবা নিষিদ্ধ করা হয়েছে।
চীনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রস্তাবিত এ নিয়মে বলা হয়েছে, সব ধরনের ভার্চুয়াল মানুষের কনটেন্টে স্পষ্টভাবে ‘ডিজিটাল হিউম্যান’ লেবেল থাকতে হবে।
এ ছাড়া, ১৮ বছরের কম বয়সীদের জন্য ভার্চুয়াল মানুষের মাধ্যমে কোনো ধরনের ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ দেওয়ার বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে। এসব নিয়মের ওপর আগামী ৬ মে পর্যন্ত জনমত সংগ্রহ করা হবে।
খসড়া নীতিমালায় বলা হয়েছে, সম্মতি ছাড়া অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ভার্চুয়াল মানুষ তৈরি করা যাবে না। এআইয়ের অগ্রগতির মুখে নিয়ন্ত্রণ ধরে রাখার লক্ষ্যে ‘ডিজিটাল হিউম্যান’কে পরিচয় যাচাইকরণ ব্যবস্থা এড়ানোর কাজে ব্যবহার করাও নিষিদ্ধ করেছে বেইজিং।
খসড়া নিয়মে উল্লেখ রয়েছে, ভার্চুয়াল মানুষের মাধ্যমে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা, রাষ্ট্রীয় ক্ষমতা উৎখাতে উস্কানি দেওয়া, বিচ্ছিন্নতাবাদকে উৎসাহিত করা বা জাতীয় ঐক্য নষ্ট করে এমন কোনো বিষয় প্রচার করাও নিষিদ্ধ।
নথিপত্র অনুসারে, বিভিন্ন সেবাদানকারী কোম্পানিকে এমন সব কনটেন্ট ঠেকানোর পরামর্শ দেওয়া হয়েছে যা যৌন উত্তেজক, ভয়াবহতা বা নিষ্ঠুরতা দেখায় বা জাতিগত ও আঞ্চলিক ভিত্তিতে বৈষম্য উসকে দেয়।
এ ছাড়া, কোনো ব্যবহারকারীর মধ্যে যদি নিজের জীবনাবসানের প্রবণতা বা নিজের ক্ষতি করার মানসিকতা দেখা যায় তবে কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও পেশাদার সহায়তা প্রদানের জন্য উৎসাহিত করা হয়েছে।
গত মাসে প্রকাশিত নিজেদের নতুন পাঁচ বছর মেয়াদী নীতিমালায় পুরো অর্থনীতিতে ব্যাপকহারে এআই ব্যবহারের লক্ষ্য স্পষ্ট করেছে চীন। এ দ্রুত বাড়তে থাকা শিল্পে নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের সমাজতান্ত্রিক আদর্শের সঙ্গে সামঞ্জস্য ধরে রাখতে কঠোর নিয়ন্ত্রণের পাশাপাশি এ উদ্যোগ নিয়েছে বেইজিং।
সাইবারস্পেস নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক বিশ্লেষণ অনুসারে, এসব নতুন নিয়মের লক্ষ্য ‘ডিজিটাল হিউম্যান’ খাতের প্রশাসনিক শূন্যতা পূরণ করা এবং এ শিল্পের সুস্থ বিকাশের জন্য সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করে দেওয়া।
“ভার্চুয়াল মানুষের শাসন এখন আর কেবল শিল্পখাতের নিয়মনীতির বিষয় নয়, বরং তা এক কৌশলগত বিজ্ঞানভিত্তিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা সাইবার জগতের নিরাপত্তা, জনস্বার্থ ও ডিজিটাল অর্থনীতির উচ্চমানওয়ালা উন্নয়নের সঙ্গে জড়িত।”
