১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরাসী ডাক সেবায় সাইবার হামলার পেছনে রুশপন্থী হ্যাকার দল

সোমবার ফ্রান্সের জাতীয় ডাক পরিষেবা ‘লা পোস্ট’-এর ওপর ডিডিওএস সাইবার হামলা চালানো হয়। এ ঘটনায় ডাক পরিষেবার কেন্দ্রীয় কম্পিউটার সিস্টেম পুরোপুরি অচল হয়ে যায়।

ফরাসী ডাক সেবায় সাইবার হামলার পেছনে রুশপন্থী হ্যাকার দল
ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2025, 01:34 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

ফরাসি ডাক পরিষেবায় ডিডিওএস সাইবার হামলার দায় স্বীকার করল রুশপন্থী হ্যাকার দল।

সোমবার ফ্রান্সের জাতীয় ডাক পরিষেবা ‘লা পোস্ট’-এর ওপর ডিডিওএস সাইবার হামলা ঘটে। ওই হামলার দায় স্বীকার করেছে ‘নো নেইম-০৫৭’ নামে পরিচিত রুশপন্থী হ্যাকার দলটি। 

এ হামলার কারণে লা পোস্ট-এর কেন্দ্রীয় কম্পিউটার সিস্টেম পুরোপুরি অচল হয়ে গিয়েছে।

এ হামলার ফলে বড়দিনের কেবল কয়েক দিন আগে পার্সেল ও প্যাকেজ ডেলিভারির ক্ষেত্রে মারাত্মক বিঘ্ন ঘটেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

বুধবার সকাল পর্যন্ত ‘লা পোস্ট’-এর ওপর হওয়া সাইবার হামলার সমস্যাটি পুরোপুরি সমাধান করা সম্ভব হয়নি। সাধারণ চিঠিপত্র আদানপ্রদানে কোনো সমস্যা না হলেও বিভিন্ন পার্সেল বা প্যাকেজ ট্র্যাক করতে পারছিলেন না ডাক বিভাগের কর্মীরা।

এ ছাড়া লা পোস্ট-এর ব্যাংকিং শাখা ‘লা ব্যাংক পোস্টাল’-এর মাধ্যমে অনলাইন পেমেন্ট বা লেনদেনও বিঘ্নিত হয়েছে।

‘নো নেইম-০৫৭’ নামে পরিচিত হ্যাকার দলটি বিশ্বজুড়ে বিভিন্ন সাইবার হামলার দায় স্বীকার করেছে বা তাদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। হ্যাকার দলটি এক ডজনেরও বেশি দেশে হামলা চালালেও দলটির মূল লক্ষ্য ইউক্রেইন ও ইউক্রেনের বন্ধুভাবাপন্ন বিভিন্ন দেশ।

এ বছরের গ্রীষ্মে হ্যাকার গ্রুপটির বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছিল ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল। পাশাপাশি, হ্যাকার দলটির বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে মার্কিন বিচার বিভাগ।