২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াটসঅ্যাপ বন্ধ করে নিজস্ব অ্যাপ চালাচ্ছে রাশিয়া, দাবি মেটার

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার আক্রমণের পর থেকেই বিদেশি বিভিন্ন প্রযুক্তি কোম্পানির সঙ্গে মস্কোর বিরোধ চরম আকার ধারণ করেছে।

হোয়াটসঅ্যাপ বন্ধ করে নিজস্ব অ্যাপ চালাচ্ছে রাশিয়া, দাবি মেটার
রাশিয়ার অভিযোগ, জালিয়াতি ও সন্ত্রাসবাদের মামলায়ও তথ্য শেয়ার করে না হোয়াটসঅ্যাপ। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 02:46 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

ইন্টারনেট জগতের ওপর নিয়ন্ত্রণ নিতে এবার মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ পুরোপুরি বন্ধের পথে রাশিয়া।

অভিযোগ উঠেছে, ব্যবহারকারীদের প্রাইভেসি নষ্ট করে সরকারি নজরদারি চলে এমন দেশীয় অ্যাপ ব্যবহারে বাধ্য করতেই এ পদক্ষেপ নিয়েছে মস্কো।

বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মেটার একজন মুখপাত্র বলেছেন, দেশটিতে হোয়াটসঅ্যাপ ‘পুরোপুরি বন্ধের’ চেষ্টা করেছে রাশিয়া। নিজেদের তৈরি দেশীয় বিভিন্ন প্ল্যাটফর্মের প্রচার বাড়ানো ও ইন্টারনেট জগতের ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করতেই এ পদক্ষেপ নিচ্ছে দেশটি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার আক্রমণের পর থেকেই বিদেশি বিভিন্ন প্রযুক্তি কোম্পানির সঙ্গে মস্কোর বিরোধ চরম আকার ধারণ করেছে। এখন ‘ম্যাক্স’ নামে এক রাষ্ট্রীয় অ্যাপ ব্যবহারের জন্য চাপ দিচ্ছে রুশ কর্তৃপক্ষ।

এ অ্যাপ নিয়ে সমালোচকরা দাবি করেছেন, অ্যাপটি ব্যবহারকারীদের ওপর নজরদারি করতে ব্যবহৃত হতে পারে। তবে এ অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে দেশটির রাষ্ট্রীয় বিভিন্ন সংবাদমাধ্যম।

হোয়াটসঅ্যাপ বলেছে, ব্যবহারকারীদের ‘রাষ্ট্রীয় নজরদারি অ্যাপ’ ব্যবহারে বাধ্য করতেই রাশিয়া এই ব্লক বা সেবা বন্ধের পদক্ষেপ নিয়েছে।

কোম্পানিটি আরও বলেছে, “ব্যবহারকারীদের একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে আমরা সাধ্যমতো সবকিছু করে যাচ্ছি।”

হোয়াটসঅ্যাপ কি রাশিয়ায় ফিরবে? এমন প্রশ্নের জবাবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘তাশ’কে বলেছেন, “বিষয়টি আবারও দেশের আইন মেনে চলারই প্রশ্ন। মেটা যদি আইন মেনে চলে ও রুশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে তবে আমাদের মধ্যে চুক্তিতে পৌঁছানোর সুযোগ রয়েছে।

“মেটা যদি কোনো আপস না করে এবং রুশ আইনের সঙ্গে তাল মিলিয়ে চলতে অনিচ্ছা প্রকাশ করে তবে হোয়াটসঅ্যাপ ফেরার কোনো সম্ভাবনা নেই।”

এর আগে, ফাইন্যান্সিয়াল টাইমস প্রতিবেদনে লিখেছিল, রাশিয়ার যোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা রশকমনাদজোর-এর অনলাইন তালিকা থেকে প্রায় ১০ কোটি ব্যবহারকারীর এ নিরাপদ মেসেজিং অ্যাপটি সরিয়ে ফেলা হয়েছে।

তবে এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ক্রেমলিন।

গত বছর থেকেই হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের কিছু কল পরিষেবা সীমিত করতে শুরু করে রাশিয়া।

মস্কোর অভিযোগ, বিদেশি মালিকানাধীন এসব প্ল্যাটফর্ম জালিয়াতি ও সন্ত্রাসবাদের মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তথ্য শেয়ার করতে অস্বীকৃতি জানাচ্ছে।

গেল ডিসেম্বরে অ্যাপলের ভিডিও কলিং অ্যাপ ‘ফেইসটাইম’ও বন্ধ করে দিয়েছে রাশিয়া।

এর আগে টেলিগ্রামের প্রতিষ্ঠাতা রাশিয়ান বংশোদ্ভূত পাভেল দুরভ বলেছিলেন, বাকস্বাধীনতা রক্ষা ও ব্যবহারকারীর প্রাইভেসি বজায় রাখার বিষয়ে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ তার কোম্পানি।