Published : 30 Aug 2026, 04:05 PM
প্রথমে বিষয়টি কিছুটা অদ্ভুত মনে হতে পারে। চার গুণ বেশি পিক্সেল থাকা ফোরকে ছবির চেয়ে কীভাবে ১০৮০পি ছবি ভালো দেখাবে? আসলে রেজুলিউশন শুধু পর্দায় কতগুলো পিক্সেল আছে তা জানায়। সেই পিক্সেলগুলো টেলিভিশনে পৌঁছানোর আগে ছবির কতটা তথ্য কম্প্রেশনের কারণে হারিয়েছে, তা রেজুলিউশন বলে না।
আর এখানেই আসে ভিডিওর মানের প্রশ্ন।
স্ট্রিমিং সেবাগুলোকে ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিপুল সংখ্যক পিক্সেল পাঠাতে হয়। এ সময় বাফারিং এড়াতে ভিডিও কমপ্রেস করা হয়। এরপর টেলিভিশন বা স্ট্রিমিং ডিভাইস সেই কমপ্রেস করা ভিডিও ফের ডিকোড করে পর্দায় দেখায়। তবে ডিকোড করা আর হারিয়ে যাওয়া তথ্য ফিরিয়ে আনা এক বিষয় নয় বলেই প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
ভিডিও কমপ্রেস করা, ইন্টারনেটের মাধ্যমে পাঠানো এবং ডিকোড করার পুরো প্রক্রিয়ায় কিছু তথ্য হারিয়ে যেতে পারে। এর মধ্যে সূক্ষ্ম ফিল্ম গ্রেইন, ছায়ার পরিবর্তন, টেক্সচারের খুঁটিনাটি এবং জটিল গতির তথ্যও থাকতে পারে।
ধোঁয়া, বৃষ্টি, বাতাসে নড়তে থাকা গাছের পাতা, বড় ভিড়ের চলাচল কিংবা গভীর ছায়ার মতো জটিল দৃশ্যেে এ বিষয়টি বেশি চোখে পড়ে। এমন পরিস্থিতিতে কম বিটরেটের ফোরকে স্ট্রিমের তুলনায় ১০৮০পি ব্লু-রে একই দৃশ্যের সূক্ষ্ম তথ্য আরও স্বাভাবিকভাবে ধরে রাখতে পারে এবং ভালো দেখাতে পারে।
শুধু রেজুলিউশন নয়, বিটরেটও গুরুত্বপূর্ণ
রেজুলিউশনকে যদি ক্যানভাসের আকার ধরা হয়, তাহলে বিটরেট হলো সেই ক্যানভাসে ছবি আঁকার জন্য থাকা রঙের পরিমাণ। ফোরকে স্ট্রিমে কাজ করার জন্য অনেক বড় ক্যানভাস থাকে। কিন্তু প্রতি ফ্রেমে লাখ লাখ পিক্সেলের রঙের পরিবর্তন ও নড়াচড়া ঠিকভাবে ধরে রাখতে পর্যাপ্ত তথ্যও প্রয়োজন।
বড় স্ট্রিমিং সেবাগুলো সাধারণত অ্যাডাপটিভ বিটরেট পদ্ধতি ব্যবহার করে। সহজভাবে বললে, একটি সিনেমা বা অনুষ্ঠানের বিভিন্ন মানের সংস্করণ রাখা হয় এবং ইন্টারনেটের অবস্থার ওপর ভিত্তি করে সেগুলোর মধ্যে পরিবর্তন করা হয়।
ফোরকে স্ট্রিমিংয়ের জন্য নেটফ্লিক্স ১৫ এমবিপিএস গতির সংযোগের পরামর্শ দেয়। তবে এটি শুধু একটি সুপারিশ। এর অর্থ এই নয় যে প্রতিটি সিনেমার প্রতিটি মুহূর্ত সর্বোচ্চ বিটরেটে টেলিভিশনে পৌঁছাবে।
ব্লু-রের ক্ষেত্রে কাজটি তুলনামূলক সহজ। কারণ এখানে ইন্টারনেট সংযোগের ওপর নির্ভর না করে স্থানীয় ডিস্ক থেকে তথ্য পড়তে হয়। সাধারণ ব্লু-রে সর্বোচ্চ ৪০ এমবিপিএস পর্যন্ত ১০৮০পি ভিডিওর জন্য তথ্য সরবরাহ করতে পারে। আর আল্ট্রা এইচডি ব্লু-রে ৬৬ জিবি ডিস্কে সর্বোচ্চ ১০৮ এমবিপিএস এবং ১০০ জিবি ডিস্কে সর্বোচ্চ ১২৮ এমবিপিএস পর্যন্ত সমর্থন করে।
এগুলো অবশ্য প্রতিটি সিনেমার নিশ্চিত বিটরেট নয়, বরং সংশ্লিষ্ট ফরম্যাটের সীমা। তারপরও এই তুলনা থেকে বোঝা যায়, ডিস্কে কেন ছবির সূক্ষ্ম তথ্য বেশি ধরে রাখা সম্ভব।
এর সঙ্গে যোগ হয় কোডেকের দক্ষতা। আধুনিক স্ট্রিমিং কোডেক, যেমন এইচইভিসি, পুরোনো ব্লু-রে কোডেকের তুলনায় কম জায়গায় বেশি তথ্য ধরে রাখতে পারে। তবে বিটরেটের জন্য সমস্যায় থাকা একটি ফোরকে স্ট্রিমের তুলনায় ভালোভাবে এনকোড করা ১০৮০পি ভিডিও সাধারণত বেশি পরিষ্কার দেখাতে পারে।
ফোরকে টেলিভিশনে ১০৮০পি ভালো দেখাবেন যেভাবে
১০৮০পি ও ফোরকের মধ্যে একটি সহজ গাণিতিক সম্পর্ক আছে। এ কারণে ফোরকে টেলিভিশনের পর্দায় ১০৮০পি ছবিকে বড় করে দেখানো তুলনামূলক সহজ। ৩৮৪০ × ২১৬০ পিক্সেলের গ্রিড পূরণ করতে প্রতিটি ১০৮০পি পিক্সেলকে ২ × ২ আকারের ফোরকে পিক্সেল ব্লকে রূপ দেওয়া যায়। এতে অবশ্য সূক্ষ্ম কিছু বিবরণ কিছুটা কমে যেতে পারে।
তাই ফোরকে টেলিভিশনে ভালো ছবি পেতে শুরুতেই যতটা সম্ভব ভালো সোর্স বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। ব্লু-রে ডিস্ক ও কম বিটরেটের স্ট্রিমের মধ্যে বেছে নেওয়ার সুযোগ থাকলে ব্লু-রে নেওয়াই ভালো। এতে ছবির মানে স্পষ্ট পার্থক্য দেখা যেতে পারে।
স্ট্রিমিংয়ের ক্ষেত্রে সম্ভব হলে তারযুক্ত ইথারনেট সংযোগ ব্যবহার করা যেতে পারে। তা সম্ভব না হলে রাউটার এমন জায়গায় রাখা ভালো, যাতে শক্তিশালী ও স্থিতিশীল ওয়াইফাই সংকেত পাওয়া যায়।
সব স্ট্রিমিং সেবার ব্যবস্থা এক নয়। তবে নেটফ্লিক্সে কিছু ডিভাইসে প্লেব্যাকের বিস্তারিত তথ্য দেখা যায়। এতে ব্যবহারকারী বুঝতে পারেন, সেবা সত্যিই ফোরকে মানে ভিডিও দিচ্ছে কি না, নাকি কম রেজুলিউশনে নামিয়ে দিয়েছে।
টেলিভিশনের ছবির মান বাড়ানোর সব নিয়ন্ত্রণ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রবণতা থেকেও বিরত থাকা ভালো। শার্পনেস বাড়ালে হারিয়ে যাওয়া তথ্য ফিরে আসে না। বরং ছবির বস্তুর চারপাশে অস্বাভাবিক রেখা, অতিরিক্ত কম্প্রেশন নয়েজ বা ফিল্ম গ্রেইন দেখা দিতে পারে।
কখনও কখনও নয়েজ রিডাকশন ও মোশন স্মুথিং বন্ধ রাখাও ভালো, বিশেষ করে টেক্সচার মুছে যাওয়ার মতো সমস্যা দেখা দিলে এবং প্রতি সেকেন্ডে ২৪ ফ্রেমের স্বাভাবিক গতি ধরে রাখতে চাইলে।
গাণিতিকভাবে কখনোই বলা যাবে না যে, ১০৮০পি ফোরকের চেয়ে ভালো। উচ্চ বিটরেটের ফোরকে ডিস্ক বা উন্নত মানের স্ট্রিম অবশ্যই দারুণ ছবি দেখাবে। তবে পরিষ্কার ১০৮০পি উৎস আর অতিরিক্ত কমপ্রেস করা ফোরকে উৎসের মধ্যে বেছে নেওয়ার সুযোগ থাকলে বেশি পিক্সেল থাকলেই যে সেটি ভালো দেখাবে, এমন নয়।