১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিশাল হারের পর এবার ঋষি সুনাকের দলের এক্স অ্যাকাউন্টও গায়েব

তবে, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক’সহ বাকি তার দলের জ্যেষ্ঠ নেতাদের অ্যাকাউন্ট বহাল তবিয়তেই আছে সাইটটিতে।

বিশাল হারের পর এবার ঋষি সুনাকের দলের এক্স অ্যাকাউন্টও গায়েব
ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2024, 02:49 PM

Updated : 26 Aug 2026, 09:57 AM

সম্প্রতি ‘টরিস’ নামে পরিচিত যুক্তরাজ্যের কনসারভেটিভ পার্টির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টটি মুছে ফেলা হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার, যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে লেবার পার্টির কাছে বিশাল ব্যবধানে হারার কিছুদিন পরই।

পেইজটিতে প্রবেশ করতে গেলে শুধু একটি ‘এরর’ বার্তা দেখা যাচ্ছে। এর মানে, অ্যাকাউন্টটি এখন আর সক্রিয় নেই। এমনকি এর মধ্যে একটি বার্তায় ‘সামথিং ওয়েন্ট রং’ লেখাও দেখা গেছে।

রক্ষণশীল বিভিন্ন সূত্র থেকে ইঙ্গিত মিলেছে, অ্যাকাউন্ট মুছে ফেলার এই ত্রুটি ঘটেছে এক্স-এর তরফ থেকে, যা আবারও চালু করতে কাজ করছে তারা।

নির্বাচনী প্রচারণার চলাকালীন এ অ্যাকাউন্টে দলটির সক্রিয়তা বেড়ে গিয়েছিল। এমনকি পেইজটিতে বিভিন্ন এমন বিজ্ঞাপন দেখা যেত, যেখানে লেবার পার্টিকে আক্রমণ করার পাশাপাশি নিজেদের বিভিন্ন নীতিমালাও ঘোষণা করত দলটি।

তবে, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক’সহ বাকি তার দলের জ্যেষ্ঠ নেতাদের অ্যাকাউন্ট বহাল তবিয়তেই আছে সাইটটিতে। এমনকি দলটির বিদায়ী প্রধান নেতা সুনাকের অ্যাকাউন্টের সঙ্গেও ‘@Conservatives’ নামে দলটির অফিসিয়াল অ্যাকাউন্ট লিংক করা আছে।

এ ছাড়া, ‘সিসিএইচকিউ প্রেস’ নামেও একটি অ্যাকাউন্ট চালায় দলটি। তাদের দাবি, এতে ‘সিসিএইচকিউ প্রেস অফিস’-এর বিভিন্ন খবর, আপডেট ও বিশ্লেষণ’ পোস্ট করা হয়। অ্যাকাউন্টটি এখনও অনলাইনে থাকলেও ৩ জুলাইয়ের পর অর্থাৎ নির্বাচনের একদিন আগে থেকে এতে নতুন কোনো পোস্ট দেখা যায়নি।

এ প্রসঙ্গে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এক্স-এর সঙ্গে যোগাযোগ করলে জবাব হিসেবে শুধু একটি স্বয়ংক্রিয় বার্তা এসেছে, যেখানে লেখা ছিল ‘বিজি নাও, প্লিজ চেক ব্যাক লেটার।”