তথ্য সংরক্ষণ করেই যেভাবে ফেইসবুক অ্যাকাউন্ট মুছে ফেলবেন
দীর্ঘদিন ধরে ফেইসবুকে জমে থাকা ছবি, বার্তা ও নানা স্মৃতি নিরাপদে রেখে তারপর অ্যাকাউন্ট ডিলিট করাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
ফেইসবুক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক ব্যবহারকারী। সম্প্রতি মেটা যখন ফ্যাক্টচেকিং বন্ধ করে দেয় এবং এর পরিবর্তে ‘কমিউনিটি নোটস’ চালু করে, তখন থেকেই অনেকেই প্ল্যাটফর্মটি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলেছেন। তবে শুধু সিদ্ধান্ত নিলেই হয় না অ্যাকাউন্ট মুছে ফেলার আগে নিজের সব গুরুত্বপূর্ণ তথ্য কীভাবে সংরক্ষণ করবেন, তা জানাটাও জরুরি।
সিনেট-এর প্রতিবেদন অনুসারে, দীর্ঘদিন ধরে ফেইসবুকে জমে থাকা ছবি, বার্তা ও নানা স্মৃতি নিরাপদে রেখে তারপর অ্যাকাউন্ট ডিলিট করাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
প্রথম কাজ থার্ড পার্টি লগইন সরিয়ে ফেলুন
স্পটিফাই, পিন্টারেস্ট বা বিভিন্ন অ্যাপে আপনি যদি ফেইসবুক দিয়ে লগইন করে থাকেন, তবে অ্যাকাউন্ট ডিলিটের আগে সেগুলো পরিবর্তন করা জরুরি। তা না হলে পরে আর সেসব অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে না।
প্রথমে ফেইসবুকে লগইন করুন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি > সেটিংস > অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটস অপশনে যান। প্রতিটি অ্যাপের পাশে থাকা ‘রিমুভ’ বাটনে ক্লিক করে ফেইসবুক লগইন অপশন সরিয়ে ফেলুন।
এরপর ওই অ্যাপগুলোতে গিয়ে নতুন পাসওয়ার্ড সেট করে নিন অথবা গুগল বা অ্যাপলের মতো বিকল্প লগইন ব্যবস্থা ব্যবহার করুন।
ডিঅ্যাক্টিভেট না ডিলিট, কোনটা করবেন?
সিনেট বলছে, আপনি চাইলে সাময়িক বিরতির জন্য ফেইসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে পারেন। এতে আপনার প্রোফাইল ও পোস্ট অদৃশ্য হয়ে যাবে, তবে চাইলে আপনি আবার ফিরে আসতে পারবেন।
অন্যদিকে, ডিলিট মানে হচ্ছে একেবারে স্থায়ীভাবে বিদায়। একবার ডিলিট করার ৩০ দিনের মধ্যে লগইন না করলে সব তথ্য চিরতরে মুছে যাবে।
তবে মনে রাখতে হবে, ফেইসবুক অ্যাকাউন্ট ডিলিট করলেও মেটার অন্য প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম বা ওয়াটসঅ্যাপে কোনো পরিবর্তন হবে না। সেগুলোর অ্যাকাউন্ট আলাদাভাবে ডিলিট করতে হবে।
তথ্য ডাউনলোড করে সংরক্ষণ করুন
অনেকেই ফেইসবুকে বছরের পর বছর ধরে ছবি, ভিডিও ও পোস্ট জমিয়ে রেখেছেন। সেগুলো হারিয়ে ফেলার আগে ডাউনলোড করে রাখুন।
এর জন্য প্রথমে সেটিংস অ্যান্ড প্রাইভেসি > সেটিংস> অ্যাকাউন্ট সেন্টার -এ যান। ইয়োর ইনফরমেশন অ্যান্ড প্রাইভেসি> ডাউনলোড ইয়োর ইনফরমেশন অপশনটি সিলেক্ট করুন। কোন প্রোফাইল থেকে তথ্য ডাউনলোড করতে চান, তা নির্বাচন করুন। মিডিয়া কোয়ালিটি অপশনটি “হাই” করুন যেন ভালো মানের ছবি ও ভিডিও পান। সব ঠিকঠাক হলে ‘ক্রিয়েট ফাইল’ চাপুন।
ফেইসবুক আপনাকে ইমেইলের মাধ্যমে ডাউনলোড লিংক পাঠাবে। এটি কিছুটা সময় নিতে পারে।
অ্যাকাউন্ট ডিলিট করুন
তথ্য সংরক্ষণ করার পর চাইলে এই ধাপগুলো অনুসরণ করে ফেইসবুক অ্যাকাউন্ট মুছে ফেলুন: সেটিংস অ্যান্ড প্রাইভেসি > সেটিংস > অ্যাকাউন্ট সেন্টারে যান। পার্সোনাল ডিটেইলস> অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল> ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন অপশন বেছে নিন। ডিলিট অ্যাকউন্ট অপশন নির্বাচন করে নির্দেশনা অনুসরণ করুন।
আপনি যদি কোনো পেজের একমাত্র অ্যাডমিন হন, তবে অ্যাকাউন্ট ডিলিট করলে সেই পেজটিও ডিলিট হয়ে যাবে। চাইলে আগে অন্য কাউকে অ্যাডমিন করে দিন।
মত বদলালে কী করবেন?
অ্যাকাউন্ট ডিলিট করার ৩০ দিনের মধ্যে যদি আপনি ফেরত আসতে চান, তাহলে আবার লগইন করলেই অ্যাকাউন্ট পুনরায় চালু হয়ে যাবে।
