Published : 03 Jun 2025, 07:06 PM
সুইজারল্যান্ডে ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামো উন্নয়নের জন্য ৪০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।
সুইজারল্যান্ডের অর্থনীতি মন্ত্রী গাই পারমেলিন ও মাইক্রোসফটের ভাইস চেয়ারম্যান ব্র্যাড স্মিথের মধ্যে দেশটির বার্ন শহরে এক বৈঠকের পর এমন খবর এল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এ অর্থ এআইয়ের বাড়তে থাকা চাহিদা মেটাতে জেনিভা ও জুরিখের কাছাকাছি থাকা চারটি ডেটা সেন্টার আধুনিক ও বড় করতে ব্যয় করবে কোম্পানিটি।
রয়টার্স লিখেছে, মাইক্রোসফট যেসব ডেটা সেন্টার বড় ও উন্নত করবে, তা পুরনো ও নতুন গ্রাহক উভয়েরই কাজে লাগবে। এতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ডেটা সুইজারল্যান্ডের ভেতরেই রাখার ওপর, যা স্বাস্থ্য, অর্থনীতি ও সরকারি খাতের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রের জন্য খুবই দরকারি।
ক্ষুদ্র ও মাঝারি আকারের বিভিন্ন ব্যবসার সঙ্গে অংশীদারিত্ব জোরদার করতে এবং এআই ও ডিজিটাল টুলস বিষয়ে প্রশিক্ষণ প্রোগ্রাম আরও উন্নত করতে চাইছে মাইক্রোসফট।
বর্তমানে সুইজারল্যান্ডে মাইক্রোসফটে এক হাজার কর্মী কাজ করছে। তবে কোম্পানিটি এখনও বলেনি, তাদের নতুন এই বিনিয়োগের ফলে নতুন চাকরি তৈরি হবে কি না।
এদিকে, কোম্পানিটি বলেছে, প্রত্যাশার চেয়েও ভালো আয় করেছে তারা, যেখানে তিন মাসে মাইক্রোসফটের মুনাফা হয়েছে দুই হাজার পাঁচশ ৮০ কোটি ডলার। এপ্রিলের শেষে নাগাদ অবস্থা আরও ভালো হওয়ার সম্ভাবনার কথাও বলেছে তারা।
গত মাসে, মাইক্রোসফটের শেয়ারের দাম চারশ ৪৯ দশমিক ২৬ ডলারে লেনদেন বন্ধ হয়েছে, যা এ বছরে এখন পর্যন্ত সর্বোচ্চ দাম। গত জুলাই মাসে রেকর্ড চারশ ৬৭ দশমিক ৫৬ ডলারে লেনদেন বন্ধ করেছিল কোম্পানিটি।