২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দ্রুত’ লিক শনাক্তে ড্রোন ব্যবহার করছে পানি কোম্পানি

কোনও ভূমিতে তাপমাত্রা কমে গেলে তা শনাক্ত করতে পারে এই ড্রোন, যার অর্থ ওই অংশে মাটির নীচের পানির পাইপে লিক হয়েছে।

‘দ্রুত’ লিক শনাক্তে ড্রোন ব্যবহার করছে পানি কোম্পানি
ছবি: বিবিসি

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2024, 02:06 PM

Updated : 26 Aug 2026, 10:39 AM

বিশাল আকারের সরবরাহ পাইপে লিক এবং এ থেকে বন্যার ক্ষয়ক্ষতি শনাক্তে ড্রোন ব্যবহার করছে যুক্তরাজ্যের এক পানি কোম্পানি। ফলে প্রতি বছর কোম্পানিটির সাশ্রয় হচ্ছে লাখ লাখ পাউন্ড।

যুক্তরাজ্যের পানি কোম্পানি ‘সেভার্ন ট্রেন্ট’-এর জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেছেন, এই ড্রোন প্রযুক্তিটি ‘আগেই’ লিক শনাক্ত করতে পারে। যার মানে, ‘মাঠ পর্যায়ে কোথাও লিকের শঙ্কা থাকলে এর জন্য অতিরিক্ত কী কী প্রয়োজন তা দ্রুতই খুঁজে বের করতে পারবেন’ কোম্পানির কর্মীরা।

এসব ড্রোনে লাগানো হয়েছে ‘থার্মাল ইমেজিং’ কৌশল। এটি এমন এক কৌশল, যা কোনও বস্তুর দৃশ্যমান ছবি তৈরিতে ইনফ্রারেড রশ্মি ব্যবহার করে। কোনও ভূমিতে তাপমাত্রা কমে গেলে তা শনাক্ত করতে পারে এই ড্রোন, যার অর্থ ওই অংশে মাটির নীচের পানির পাইপে লিক হয়েছে।

“পানির এসব লিক যদি আমরা দ্রুত খুঁজে বের করতে ও ঠেকাতে পারি তবে তা গ্রাহকদেরই উপকারে আসে।” বলেছেন কোম্পানিটির ড্রোন বিভাগের প্রধান ডানকান টার্নার।

২০২৫ সালের মধ্যে লিকেজ ১৫ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ ‘সেভার্ন ট্রেন্ট’। একইসঙ্গে কোম্পানিটি ২০৪৫ সালের মধ্যে নিজেদের নেটওয়ার্কের মাধ্যমে অপচয় হওয়া পানির পরিমাণ অর্ধেকে নামিয়ে আনারও লক্ষ্য নিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

কোম্পানির ড্রোন নিরাপত্তা কর্মকর্তা জনি বেভান বলেছেন, “আগে ছয় কিলোমিটার দীর্ঘ একটি পাইপলাইনে লিক শনাক্ত করতে আমাদের বিভিন্ন দলের কিছুটা সময় লাগত। তবে ড্রোনের সাহায্যে এই সময়কে কয়েক ঘণ্টায় কমিয়ে আনতে পেরেছি আমরা।”

‘ফ্লাইবিলিটি এলিওস’, ‘ম্যাট্রিস ৩০০’ ও ‘ইন্সপায়ার ২’ মডেলের বিভিন্ন ড্রোন ব্যবহার করেছে কোম্পানিটি।

‘সম্ভাবনার কথা’

অপারেশনাল সেটিংসে ‘কোথায়, কেন ও কীভাবে’ ড্রোন ব্যবহার করবেন তা নিয়ে গবেষণা করছেন ‘ইউনিভার্সিটি অফ বাথ’-এর প্রভাষক ড. ওমিদ মাঘাজেই।

“ব্যবসার ক্ষেত্রে ড্রোনের জন্য অনেক সম্ভাবনাময় ক্ষেত্র রয়েছে। বিশেষ করে ডেলিভারির জন্য পরীক্ষামূলকভাবে ড্রোন ব্যবহার করে কাজ করছে অ্যামাজন।”

“কৃষি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো, সেতু, বায়ু-টারবাইন, বিদ্যুৎকেন্দ্র, অনেক প্রক্রিয়াজাত শিল্পের পাইপ লাইনের সঙ্গে এ ড্রোনের বিষয়টি সম্পর্কিত। আর এসব অঞ্চলে সবসময় মানুষের যাওয়া সহজ নয়। তবে সেখানে দ্রুত পৌঁছাতে পারে সাশ্রয়ী মানের এসব ড্রোন।