২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

এআইয়ের তৈরি গান কি পুরস্কার পাবে? কী বলছে গ্র্যামি?

এআই সৃষ্ট কনটেন্ট আছে এমন গান গ্র্যামি মনোনয়ের জন্য জমা দেওয়া যাবে, তবে পুরস্কারটির জন্য বিবেচিত হবেন এর পেছনে কাজ করা মানব শিল্পী।

এআইয়ের তৈরি গান কি পুরস্কার পাবে? কী বলছে গ্র্যামি?

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2023, 04:05 PM

Updated : 22 Jun 2023, 09:38 PM

প্রতিনিয়ত নতুন ঘরানার গান আসছে, জয় করে নিচ্ছে শ্রোতাদের মন। জনপ্রিয় নতুন ধারার আবির্ভাবসহ নানা কারণেই প্রতি বছরই গ্র‍্যামি অ্যাওয়ার্ডের মানদণ্ড এবং নীতিমালা যাচাই করে দেখতে হয় পুরস্কারটির আয়োজক সংস্থা রেকর্ডিং অ্যাকাডেমিকে। 

এবারের প্রশ্ন, এআইয়ের তৈরি গান কি পুরস্কারের  জন্য বিবেচিত হবে? কে পাবে সেই পুরস্কার?

জেনারেটিভ এআই জায়গা করে নিয়েছে সৃজনশীলতার নানা শাখায়, বাদ যায়নি সঙ্গীতও। প্রযুক্তিটি ব্যবহার করে শিল্পীরা তৈরি করে ফেলতে পারছেন গোটা গানও।

এআইয়ের সাহায্য নিয়ে এরইমধ্যে গান তৈরি করেছেন হালের দুই জনপ্রিয় শিল্পী ‘দ্যা উইকেন্ড’ এবং ‘ড্রেক’। এইসব গান মাস দুয়েক আগে যখন ভাইরাল হল, তখনই সঙ্গীতাঙ্গনে নড়েচড়ে বসতে হয়েছে সবাইকে। প্রযুক্তিটিকে আর বুঝি উপেক্ষা করার উপায় থাকল না।

এরমধ্যে এসে যোগ হয়েছে কপিরাইট জটিলতা, বিশেষ করে যখন ‘দ্যা উইকেন্ড’ এবং ‘ড্রেকে’র মতো শিল্পীরা স্পষ্ট করে বললেন এই গান থেকে নতুন কোনো গানে তাদের কণ্ঠস্বর পুনরায় ব্যবহার করা যাবে না।

অনেক শিল্পীই নিজেদের গানে এআই প্রযুক্তি ব্যবহার করছেন। উদাহরণ হিসাবে বলা যায় বিটলসের সর্বশেষ যে গানটি প্রকাশিত হবে, সেটির কথা। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে কাজে লাগিয়ে পুরোনো অপ্রকাশিত রেকর্ড থেকে জন লেননের কণ্ঠ তুলে এনে ব্যবহার করেছে।

এখন প্রশ্ন দাঁড়াচ্ছে গ্র্যামি অ্যাওয়ার্ডের মান এবং নীতিমালা মেনে এই গানগুলোর বিচার কী হবে?

Image

গানে এআই বিতর্ক কি দ্য ইউকেন্ড এবং ড্রেক উষ্কে দিয়েছেন?

কী বলছে রেকর্ডিং একাডেমি?

২০২৪ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডের আইন বলছে “গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য গান জমা দেওয়া, বাছাই হওয়া, মনোনীত হওয়া এবং জেতার জন্য শুধু মানব শিল্পীরাই যোগ্য বলে বিবেচিত হবেন।”

এর মানে হচ্ছে শিল্পী হিসাবে এআই স্বীকৃতি পাবে না। তাহলে, এআই সৃষ্ট গানও কি শিল্পকর্ম হিসাবে স্বীকৃতি পাবে না?

উত্তর হচ্ছে, পাবে। এআই সৃষ্ট গান কিংবা কনটেন্ট গ্র্যামি মনোনয়ের জন্য জমা দেওয়া যাবে, তবে পুরস্কারটির জন্য বিবেচিত হবেন এর পেছনে কাজ করা মানব শিল্পী।

আর, যদি কাজটিতে একেবারেই কোনো মানুষের অংশগ্রহণ না থাকে, পুরোটাই এআইযোগে তৈরি হয় তবে তা গ্র্যামির জন্য বিবেচিত হবে না।

শুধু তাই নয়, গান লেখা ও সঙ্গীত পরিবেশন বিভাগে কোনো গানের মনোনয়ন পেতে হলে সেটির বেশিরভাগ অংশ মানবসৃষ্ট হতে হবে বলেছে জেডডিনিউজের একটি প্রতিবেদনে।

দিনদিন সঙ্গীত জগতে যেভাবে এআইয়ের প্রভাব বাড়ছে, আশা করা যায় সামনের দিনে রেকর্ডিং একাডেমির নীতিমালাও তার ধারাবাহিকতায় বিবর্তিত হবে, বলেছে প্রতিবেদনটি, হয়তো একদিন পুরস্কৃত করা হবে এআই প্রযুক্তিকেও।