স্পেসএক্সের কার্সরকে আর এআই সহায়তা দেবে না ওপেনএআই
ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান ও ইলন মাস্কের দীর্ঘদিনের বিরোধের মধ্যে নতুন এই সিদ্ধান্ত দুই পক্ষের দ্বন্দ্ব আরও বাড়াতে পারে।
কোডিং টুল কার্সরকে কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। কার্সরের মালিকানা এখন ইলন মাস্কের মহাকাশযান নির্মাতা কোম্পানি স্পেসএক্সের হাতে।
শুক্রবার এ ঘোষণা দিয়েছে ওপেনএআই। ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান ও ইলন মাস্কের দীর্ঘদিনের বিরোধের মধ্যে নতুন এই সিদ্ধান্ত দুই পক্ষের দ্বন্দ্ব আরও বাড়াতে পারে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এক ব্লগ পোস্টে ওপেনএআই বলেছে, “আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি, কারণ ইলন মাস্কের কোম্পানিগুলোর চুক্তি লঙ্ঘনের অভিজ্ঞতার ভিত্তিতে স্পেসএক্স আমাদের সেবার শর্ত অনুযায়ী আমাদের প্রযুক্তি ব্যবহার করবে কি না, সে বিষয়ে আমরা আত্মবিশ্বাসী হতে পারছি না।”
শনিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক এর জবাবে লেখেন, “আমি এতে বিন্দুমাত্র পরোয়া করি না।”
তিনি অল্টম্যান ও ওপেনএআইয়ের প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যানকে “বিশ্বাসযোগ্য নয়” বলে অভিযুক্ত করেন। একই সঙ্গে তিনি আবারও দাবি করেন, তারা “একটি অলাভজনক সংস্থা চুরি করেছে।”
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক এর আগে ওপেনএআই ও অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছিলেন। তার অভিযোগ ছিল, আর্থিক লাভের জন্য তারা কোম্পানিটির মূল অলাভজনক উদ্দেশ্য থেকে সরে গিয়ে “একটি দাতব্য প্রতিষ্ঠান চুরি” করেছেন। তবে, চলতি বছরের শুরুতে এ মামলায় আদালত মাস্কের বিরুদ্ধে রায় দেয়। জুরিদের যুক্তি ছিল, তিনি মামলা করতে দেরি করেছেন।
তবে কার্সরের সহপ্রতিষ্ঠাতা এবং বর্তমানে স্পেসএক্সের একজন নির্বাহী মাইকেল ট্রুয়েল এক্সে বলেন, বিষয়টি সমাধানের জন্য কোম্পানিটি ওপেনএআইয়ের দলের সঙ্গে আলোচনা করছে।
ওপেনএআই জানায়, মাস্ক প্ল্যাটফর্মটি অধিগ্রহণের পর এক্স, ওপেনএআইয়ের সঙ্গে করা চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। এক্স আগে টুইটার নামে পরিচিত ছিল এবং এখন তা স্পেসএক্সের মালিকানাধীন।
কোম্পানিটি আরও বলেছে, “স্পেসএক্সের মতো বড় অংশীদারের সঙ্গে কাজ করার বেলায় আমরা সাধারণত সেবার শর্ত মেনে চলা নিশ্চিত করতে বিশেষ চুক্তির ওপর নির্ভর করি। একই সঙ্গে সেই সমন্বিত ব্যবস্থায় বড় পরিসরে নিরাপত্তা নিশ্চিত করাও এর উদ্দেশ্য।”
চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই বলেছে, তারা ১২ নভেম্বর থেকে এআই মডেল সরবরাহ বন্ধ করার প্রস্তাব দিয়েছে। কার্সরের সঙ্গে তাদের চুক্তিতে মালিকানা পরিবর্তনের পর নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি বাতিলের সুযোগ রয়েছে।
অন্যদিকে, দুই কোম্পানিরই প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিক বলেছে, কার্সরে ক্লড মডেল চালাতে তারা কম্পিউটিং সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে। ওপেনএআইয়ের ঘোষণার কয়েক ঘণ্টা পর অ্যানথ্রপিকের সহপ্রতিষ্ঠাতা টম ব্রাউন এ কথা বলেন।
অ্যানথ্রপিকের সঙ্গে স্পেসএক্সেরও চুক্তি রয়েছে।
গত জুনে স্পেসএক্স কার্সরের নির্মাতা স্টার্টআপ অ্যানিস্ফিয়ারকে ৬ হাজার কোটি ডলারের শেয়ারভিত্তিক চুক্তিতে কিনে নেওয়ার ঘোষণা দেয়। চলতি মাসের শুরুতে অধিগ্রহণের প্রক্রিয়াও শেষ করে স্পেসএক্স।
মাস্ক ও অল্টম্যানের বিরোধ অবশ্য নতুন নয়। বছরের শুরুতে মাস্কের করা ১৫ হাজার কোটি ডলারের মামলাকে ঘিরে আদালতে তাদের দীর্ঘ আইনি লড়াই হয়। ওই বিচার চলাকালে মাস্কের আইনজীবী বলেন, মাস্কসহ অন্য সাক্ষীরা অল্টম্যানকে মিথ্যাবাদী হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে ওপেনএআইয়ের দাবি ছিল, মাস্ক কোম্পানিটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলেন।
