ঢাকা স্টক এক্সচেঞ্জে নতুন ৪ পরিচালক
আরও দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিতে হবে বিএসইসিকে।
মেয়াদ শেষে শূন্য হওয়া পরিচালকদের স্থানে নতুন চারজনকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।
নতুন নিয়োগ পাওয়া চার স্বতন্ত্র পরিচালকরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি অনুষদের ডিন ড. হাফিজ মো. হাসান বাবু, একই বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এবং বিমা বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন এবং ওরাকলের আবাসিক ব্যবস্থাপনা পরিচালক (বাংলাদেশ, নেপাল ও ভুটান) রুবাবা দৌলা।
সোমবার চিঠি দিয়ে তাদের নিয়োগের কথা জানিয়ে দেওয়া হয় ডিএসইর ব্যবস্থাপনা বিভাগকে।
অধ্যাপক হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে মোবাইলে জানিয়ে দিয়েছে ডিএসইতে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি। চিঠি এখনও এসে পৌঁছায়নি।”
‘জাতীয় স্বার্থ’কে প্রাধান্য দিয়ে ডিএসইর সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিম্রুতি দিয়েছেন তিনি।
গত ১৮ ফেব্রুয়ারি ডিএসইর পর্ষদে সদস্য হিসেবে মেয়াদ শেষ হয় আগের নিয়োগ পাওয়া ৬ স্বতন্ত্র পরিচালকের। ওই স্বতন্ত্র পরিচালকদের মধ্যে থেকেই সাবেক সচিব ইউনুসূর রহমান গত মেয়াদে ডিএসইর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।
ডিমিউচ্যুয়ালাইজেশন আইন অনুযায়ী, ডিএসইর পর্ষদে ১৩ জন সদস্যদের মধ্যে ৪ জন শেয়ারহোল্ডার পরিচালক ও ৭ জন স্বতন্ত্র পরিচালক থাকবে। এ ৭ স্বতন্ত্র পরিচালককে নিয়োগ দিয়ে থাকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।
আগের নিয়োগ পাওয়া স্বতন্ত্র পরিচালকদের মধ্যে শুধু ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদের মেয়াদ এখনও রয়েছে।
নতুন চারজনকে নিয়োগ দেওয়ার পর আরও দুজনকে নিয়োগ দিতে হবে বিএসইসিকে। সাতটি পদের সবগুলো পূরণ হলে পর্ষদ বৈঠক ডেকে পরবর্তী ডিএসইর চেয়ারম্যান ঠিক করা হবে স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে।
এছাড়া একজন কৌশলগত বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে মনোনীত পরিচালক থাকেন একজন। বতর্মানে ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী প্রতিনিধি হচ্ছেন চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জের শি ওয়েনহাই।
