২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা স্টক এক্সচেঞ্জের ৩ শীর্ষ পদে নিয়োগ চেয়ে বিজ্ঞপ্তি

প্রার্থীদের আগামী ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ রাখা হয়েছে। প্রতি পদের জন্য নিয়োগের মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2024, 06:35 PM

Updated : 26 Aug 2026, 11:00 AM

ব্যবস্থাপনা পরিচালক পদসহ শীর্ষ তিন শূন্য পদ পূরণে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে  ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই।

বাকি দুই পদ হল প্রধান পরিচালন কর্মকর্তা বা সিওও এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা, সিটিও।

বুধবার ডিএসইর ওয়েবসাইটের পাশাপাশি গণমাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করে আবেদনের যোগ্যতা ও শেষ সময় জানানো হয়।

প্রার্থীদের আগামী ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ রাখা হয়েছে। প্রতি পদের জন্য নিয়োগের মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছর।

পদ তিনটির দায়িত্ব, কর্তব্য ও সুবিধা সংক্রান্ত বিষয়ে প্রার্থীদের নানা রকম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনলাইনে একটি সেশনের সুযোগ রাখা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ডিএসইর পরিচালনা পর্ষদ অনলাইনে প্রার্থীদের প্রশ্নের উত্তর দেবেন।

চলতি বছরের গত মে মাস থেকে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক পদটি শূন্য রয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে সিওও এবং দুই বছরের বেশি সময় ধরে পদশূন্য রয়েছে সিটিও পদটি। 

তিনটি পদই বর্তমানে ভারপ্রাপ্তদের দিয়ে চলছে।

সব শেষ গত মে  মাসে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক থেকে পদত্যাগ করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসিতে কমিশনার হিসেবে নিয়োগ পান  এটিএম তারিকুজ্জামান।

গত ৫ অগাস্ট ছাত্র-জনতার তুমুল আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বে সরকারের পতন হলে বিএসইসির নেতৃত্বও বদল হয়, ১১ সেপ্টেম্বর তারিকুজ্জামানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। 

ডিএসইর অভ্যন্তরীণ পদোন্নতি নেয় বিরোধকে কেন্দ্র করে গত জানুয়ারি মাসে পদত্যাগ করেন সবশেষ সিওও সাইফুর রহমান মজুমদার। তিনি বর্তমানে অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জ, সিএসই এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন।

ডিএসইর সার্ভারে একাধিকবার ত্রুটিতে লেনদেন বিঘ্ন হওয়ার ঘটনায় ২০২২ সালের অক্টোবর মাসে ডিএসইর সিটিও পদ থেকে  জিয়াউল করিমকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিএসইসি নির্দেশনা দিয়েছিল, প্রতিবেদন জমা না হওয়া পর্যন্ত জিয়াউল করিম ছুটিতে থাকবেন।

কমিটি প্রতিবেদন জমা দিলেও ডিএসই জিয়াউল করিমকে স্বপদে ফেরায়নি। সেই থেকে পদটি শূন্য রয়েছে।