২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুদিন পর ফের নিম্নমুখী প্রবণতায় পুঁজিবাজার

লেনদেন কমে দাঁড়ায় ৩১৩ কোটি ৬২ লাখ টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2025, 06:20 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

দুদিন উত্থান দেখার পর তৃতীয় দিনে এসে নিম্নমুখী প্রবণতা দেখল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

মঙ্গলবার প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪৩ দশমিক ৯৭ পয়েন্ট। আগের দিন সূচক ছিল ৪ হাজার ৭৮৩ পয়েন্ট।

প্রায় ৪০ দিন পর সোমবার সূচক বেড়েছিল ৫৯ পয়েন্ট। আর আগের দুই দিন মিলিয়ে সূচক বাড়ে ১১৮ পয়েন্ট। সেখান থেকে মঙ্গলবার কমলো ৪৩ পয়েন্ট।

মঙ্গলবার সকালেও অবশ্য বাজারের প্রবণতা ছিল ঊর্ধ্বমুখী। কিন্তু সেটা দশ মিনিটের বেশি থাকেনি। পরে বিক্রির চাপ বাড়লে অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমার সঙ্গে সূচকও নামতে থাকে। 

দিনশেষে সূচক আগের দিনের চেয়ে কমে দাঁড়ায় ৪ হাজার ৭৩৯ পয়েন্ট। একইসঙ্গে লেনদেন কমে দাঁড়ায় ৩১৩ কোটি ৬২ লাখ টাকা। আগের দিন শেয়ার হাতবলদল হয় ৪১৭ কোটি ৩৭ লাখ টাকার।

এদিন ৩৯৭টি কোম্পানির মধ্যে দর বাড়ে ৬৭টির, কমে ২৭৬টির ও আগের দরে হাতবদল হয় ৫৪টির।

একক খাত হিসেবে তুলনামূলক বেশি দর বাড়ে বীমা; ব্যাংক; ওষুধ ও রসায়ন; প্রকৌশল এবং বস্ত্র খাতের কোম্পানির।

এ মধ্যেও অবশ্য তিন দিন ধরে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিগুলো সর্বোচ্চ লেনদেন করে।

এ খাতে শেয়ার হাতবদল হয় ৪৯ কোটি ৮৬ লাখ টাকার, যা মোট লেনদেনের ১৬ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হয় ১৩ দশমিক ১৪ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা ব্যাংক খাত লেনদেন করে ১১ দশমিক ১৮ শতাংশ।

দিন শেষে শেয়ারদর বৃদ্ধিতে শীর্ষে উঠে আসে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, জাহিন স্পিনিং ও মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি। 

বেশি দর হারানোর তালিকায় ছিল ইউনিয়ন ক্যাপিটাল, নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার ও আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড।