১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিএসইসির ফটক আটকে ‘বিনিয়োগকারীদের’ বিক্ষোভ

“বিএসইসি চেয়ারম্যান না বুঝে সিদ্ধান্ত নিচ্ছেন। যে কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই তার পদত্যাগ করা খুবই জরুরি,” বলেন একজন আন্দোলনকারী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2024, 10:53 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

পুঁজিবাজারে টানা দরপতনে ক্ষুব্ধ বিনিয়োগকারীদের একটি অংশ নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির প্রধান কার্যালয়ের সামনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। 

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ শুরুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

‘সাধারণ বিনিয়োগকারী’ ব্যানারে শদুয়েক লোক বিএসইসির ফটকের সামনে অবস্থান করছেন। আর তিনটি ভ্যানে করে আসা পুলিশ সদস্যরা রয়েছেন বিএসইসির ভেতরে। এ অবস্থায় অফিস সময় শেষ হলেও বেলা ৫টা পর্যন্ত বিএসইসির কোনো কর্মচারী বের হতে পারেননি।

এক পর্যায়ে দুজন পুলিশ কর্মকর্তা গিয়ে আলোচনা করার জন্য আন্দোলনকারীদের প্রতিনিধি পাঠানোর আহ্বান জানান। তবে বিক্ষোভকারীরা তা প্রত্যাখান করেন।

বিক্ষোভকারীদের একজন আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোম্পানি জেড ক্যাটেগরিতে পাঠানো হয়েছে মালিকের কারণে। আমরাতো সাধারণ বিনিয়োগকারী, আমাদেরতো লোকসান হল। মার্চেন্ট ব্যাংকের ঋণ নিয়ে শেয়ার কিনেছি, তারা তো সব বিক্রি করে দিচ্ছে দাম কমে যাওয়ায়।"

একসঙ্গে ২৭টি কোম্পানি জেড শ্রেণিতে পাঠানোয় বাজার পড় গেছে বলে দাবি করেন এ বিনিয়োগকারী। 

‘সাধারণ বিনিয়োগকারী’ ব্যানারে আন্দোলনে নামলেও তাদের নেতৃত্বে দেখা যায় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রশিদ চৌধুরীকে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কোনো নেগোসিয়েশন করব না। চেয়ারম্যানের পদত্যাগ চাই।"

বেক্সিমকোর শেয়ারে দুই দফায় কারসাজি করায় ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মঙ্গলবার ৪২৮ কোটি ৫২ লাখ টাকার জরিমানা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পরের দিন বিনিয়োগকারিদের একটি অংশ মতিঝিলে বিক্ষোভে নামে।

বৃহস্পতিবার তারা বিএসইসি কার্যালয়ের সামনে গিয়ে কমিশন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করে শ্লোগান দেন।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের অর্থ সম্পাদক সাজ্জাদুর রহমান বলেন, “বিএসইসি চেয়ারম্যান না বুঝে সিদ্ধান্ত নিচ্ছেন। যে কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই তার পদত্যাগ করা খুবই জরুরি। বিনিয়োগকারীদের এখন একটাই দাবি, বিএসসির চেয়ারম্যানের পদত্যাগ।"