২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

৩ মাসে বাজারে হস্তক্ষেপ করা হয়নি, আগামীতেও হবে না: বিএসইসি চেয়ারম্যান

ডিএসইকে আরও শক্তিশালী হওয়ার তাগাদাও দিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 12:28 AM

Updated : 11 Sep 2026, 03:56 PM

দেশের পুঁজিবাজারের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান সব অংশীজনদের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান করেছেন।

এজন্য ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) আরও শক্তিশালী হওয়ার তাগাদাও দিয়েছেন তিনি।

সোমবার পুঁজিবাজার উন্নয়নে করণীয় শীর্ষক এক সংলাপে কথা বলছিলেন গত জুনে এ নিয়ন্ত্রক সংস্থার দায়িত্বে আসা মাসুদ খান। রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে এ সংলাপের আয়োজন করে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

সাধারণ বিনোয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করার কথা তুলে ধরে বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘‘একটা কথা বলতে চাই, আজকে একটা আস্থার অভাব পাচ্ছি মার্কেটে, সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে। আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব।’’

দায়িত্ব নেওয়ার পর গত তিন মাসে বাজারে হস্তক্ষেপ না করার কথা তুলে ধরে মাসুদ খান বলেন, ‘‘আগামীতেও কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না। তবে কোনো শেয়ার বা লেনদেনে অস্বাভাবিকতা কিংবা অনিয়ম ধরা পড়লে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।‘’

ফ্লোর প্রাইস তুলে নেওয়ায় আগামী নভেম্বর থেকে শীর্ষস্থানীয় বৈশ্বিক আর্থিক সেবা প্রদানকারী মার্কিন প্রতিষ্ঠান তাদের সূচকে বাংলাদেশের পুঁজিবাজারের তথ্য প্রকাশ করবে বলে অনুষ্ঠানে তুলে ধরেন তিনি। বলেন, এতে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে।ৎ

“তারা আমাদের তথ্য না দেওয়ায় বিনিয়োগকারীরা মনে করেছিলেন- না জানি কোনো বড় ধরনের সমস্যা হয়েছে।’’

পুঁজিবাজারে ঝুঁকিভিত্তিক বিষয়গুলো খতিয়ে দেখতে নজরদারি চালানোর কথা তুলে ধরে তিনি বলেন, ব্রোকারেজ প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন যেমন হবে, তেমনি নিয়মিত বিরতিতেও তা করা হবে। কোন ব্রোকারেজ প্রতিষ্ঠান কখন ঝুঁকিতে যায় সেই বিশ্লেষণ করা হবে।

পরিদর্শন ও নজরদারি বাড়াতে বিএসইসি ও ডিএসইর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করার কথাও বলেন তিনি।

বিএসইসি চেয়ারম্যান বলেন, আগামী কয়েক মাসের মধ্যে পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্ত হবে। সরাসরি তালিকাভুক্তির সঙ্গে বিদ্যমান পদ্ধতি মিলিয়ে ‘হাইব্রিড’ পদ্ধতি চালু করা হবে।

আগামী ডিসেম্বরের মধ্যে টি+১ বাস্তবায়ন করার সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘‘এজন্য ডিএসই কারিগরি প্রস্তুতি নিচ্ছে। লেনদেন সফটওয়্যারে পরিবর্তন আনছে।’’

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ও সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডকে (সিসিবিএল) সরাসরি তালিকাভুক্ত করার কথা বলেন তিনি।

ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, ‘‘বর্তমানে বৈশ্বিক তেল সংকটসহ সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব বাংলাদেশের পুঁজিবাজারেও পড়ছে। শুধু একে অপরকে দোষারোপ না করে সংকট থেকে বের হওয়ার পথ খুঁজতে হবে।’’

ডিবিএ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সংলাপে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, পরিচালক রিচার্ড ডি রোজারিওসহ আরও অনেকে বক্তব্য রাখেন।