২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্রান্তিকালের’ শেষ দেখছেন ডিএসই চেয়ারম্যান

ডিএসই চেয়ারম্যান বলেন, “তালিকাভুক্ত হতে করছাড় সুবিধা না দিলে কোনো ভালো কোম্পানি আগ্রহী হবে না।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2024, 10:00 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর ঢাকার পুঁজিবাজারে যে দরপতন দেখা দিয়েছিল সেখান থেকে সূচক ও লেনদেনের উত্থানকে ‘ক্রান্তিকালের’ শেষ হিসেবে দেখছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান হাফিজ মুহম্মদ হাসান বাবু।

তিনি বলেছেন, সবার সম্মিলিত সহযোগিতায় সামনে দিকে এগিয়ে যাবে দেশের পুঁজিবাজার। 

রাজধানীতে সোমবার ডিএসইর নিকুঞ্জ টাওয়ারে পুঁজিবাজারের ব্রোকারেজ প্রতিষ্ঠান, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সংগঠন সিইও ফোরামের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন অংশীজনদের সঙ্গে ধারাবাহিক বৈঠক আয়োজনের অংশ হিসেবে সিইও ফোরামের সঙ্গে প্রথম বৈঠক করে ডিএসই।

গত ২০২২ সালের ইউক্রেন যুদ্ধ শুরুর পর শ্রীলঙ্কায় আর্থিক বিপর্যয়, এরপর বাংলাদেশে রিজার্ভ ক্ষয়ে আতঙ্কে পুঁজিবাজারে ধস পরিস্থিতি শুরু হয়।

এই অবস্থায় ২০২২ সালের সেপ্টেম্বর থেকে সব শেয়ারের সর্বনিম্ন মূল্য বা ফ্লোর প্রাইস বেঁধে দেওয়া হয়। এতে লেনদেন কমে আসে। তবে শেয়ারদর ধরে রাখায় বিনিয়োগকারীদের আর্থিক লোকসান ছিল তুলনামূলক কম।

বিএসইসির ঘোষণা ছিল, বাজার স্বাভাবিক গতিতে ফিরলে ফ্লোর প্রত্যাহার করা হবে। তবে ফ্লোর প্রত্যাহারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও স্টক ব্রোকার অ্যাসোসিয়েশন দাবি জানিয়ে আসছিল।

গত ৭ জানুয়ারির সংসদ নির্বাচনের পর থেকে বাজারে গতি বাড়ছিল, লেনদেনও বাড়ছিল, সেই সঙ্গে বাড়ছিল শেয়ারদর। এর মধ্যে ১৮ জানুয়ারি হুট করেই এক বিজ্ঞপ্তিতে গত ২১ জানুয়ারি থেকে ৩৫টি বাদে বাকি শেয়ারের ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয়।

এরপর কয়েকদিন দরপতন হলেও বাজার ঘুরে দাঁড়ায়। এরপর ধাপে ধাপে তিনটি ছাড়া বাকি সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়।

তাৎক্ষণিক ধাক্কা সামলে বাজারে ছিল ঊর্ধ্বগতি। লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়ে গত ১৩ ফেব্রুয়ারি সূচক ছুঁয়ে ফেলে ৬ হাজার ৩৯৪ পয়েন্টে। 

এরপর থেকে শুরু হয় দরপতন। লেনদেন হাজার কোটির ঘর থেকে চারশ কোটি টাকার নিচে নেমে আসে। এই পরিস্থিতিতে করণীয় নির্ধারণে বিএসইসি বাজার সংশ্লিষ্টদেরকে ডেকে বৈঠক করে ২২ এপ্রিল। কিন্তু এরপর আরও টানা দুই দিন বড় দরপতন দেখেন বিনিয়োগকারীরা।

এই দরপতন শুরু হওয়ার আগে গত ১৩ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স সূচক ছিল ৬ হাজার ৩৯৪ পয়েন্ট। ৪৩ কর্মদিবস পর ২৪ এপ্রিল তা নেমে যায় ৫ হাজার ৫৭৮ পয়েন্ট। ২৫ এপ্রিল আরো কমে সূচক দাঁড়ায় ৫ হাজার ৫১৮ পয়েন্টে, যা ছিল গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন।

এরপরই দরপতন সামাল দেয়ার চেষ্টায় শেয়ার মূল্য সর্বোচ্চ তিন শতাংশ কমতে পারবে এমন সিদ্ধান্ত দিয়ে সার্কিট ব্রেকার দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্চ কমিশন, বিএসইসি।

এরপর এ পর্যন্ত পাঁচ দিন শেয়ার দর পতন হয় দেশের বড় পুঁজিবাজার ডিএসইতে। আর ছয় দিন এগিয়ে সূচক হয় ৫ হাজার ৬৬৬ পয়েন্ট । মধ্যবর্তী সময়ে সূচকটি সর্বোচ্চ ৫ হাজার ৭২৭ পয়েন্ট পর্যন্ত উঠেছিল। অবশ্য লেনদেন দুই দিন হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়।

সূচকের পতন রোধ ও লেনেদেন বৃদ্ধির এ ধারাকে পুঁজিবাজারের ‘ক্রান্তিকাল’ সময় শেষ হয়েছে মন্তব্য করে হাফিজ মুহম্মদ হাসান বলেন, “পুঁজিবাজারের ক্রান্তিকাল সময়টি শেষ, এখন সামনে যাওয়ার চিন্তা করছি। তার জন্য একটি রোডম্যাপ করা প্রয়োজন, তাই করেছি।”

সেই ‘রোডম্যাপ’ বাস্তবায়নে ডিএসই অংশীজনদের সঙ্গে বৈঠক শুরু করেছে জানিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী সরকারি প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্তির নির্দেশনা দিয়েছেন। আমরা এখন অর্থ মন্ত্রণালয়সহ সবার সঙ্গে যোগাযোগ করব প্রক্রিয়াটি এগিয়ে নিতে।”

গত ৯ মে মৌলভিত্তি সম্পন্ন শেয়ারের সরবরাহ বাড়িয়ে দেশের শেয়ারবাজারকে আরও শক্তিশালী করতে সম্ভাবনাময় রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগ (এসওই) বা সরকারি সংস্থা ও সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেই ঘোষণার পর পুঁজিবাজার আগামীতে আরো ভালো অবস্থানে যাওয়ার প্রত্যাশা করছে ডিএসই। বিনিয়োগকারীদের আস্থায় আনতে ‘ইনভেস্টর সামিট’ করার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। 

অন্যান্য দেশের পুঁজিবাজার অর্থায়নের র্দীঘমেয়াদী উৎস হলেও বাংলাদেশের অর্থনীতির সঙ্গে পুঁজিবাজার কখনই সম্পৃক্ত হয়নি, নিজের পর্যবেক্ষণ তুলে ধরে ডিএসই চেয়ারম্যান বলেন, “তালিকাভুক্ত হতে করছাড় সুবিধা না দিলে কোনো ভালো কোম্পানি আগ্রহী হবে না।”

পুঁজিবাজারে তালিকাভুক্ত ও তালিকা বহির্ভূত কোম্পানির মধ্যে করহারের ব্যবধান অনেক বেশি হওয়া উচিত। এটি হলে করছাড় সুবিধা পেতে কোম্পানিগুলো আগ্রহী হবে মন্তব্য করেন তিনি।

দেশের তৈরি পোশাক খাত, বস্ত্রখাত ও ফার্মাসিটিউক্যালস কোম্পানিকে তালিকাভুক্ত করতে সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে ডিএসই বৈঠক করছে জানিয়ে হাফিজ মুহম্মদ হাসান বলেন, আগামী বাজেটে করছাড় সুবিধা আদায় করতে জাতীয় রাজস্ব বোর্ড, অর্থ মন্ত্রণালয়সহ সবার সঙ্গে বৈঠক করবে ডিএসই।

ভালোমানের কোম্পানি তালিকাভুক্ত করতে ডিএসইর বর্তমান নীতিমালা হালনাগাদ করা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

সভায় আলোচনার বিষয়ে সিইও ফোরামের প্রেসিডেন্ট ও ইবিএল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছায়েদুর রহমান বলেন, বর্তমান পুঁজিবাজার ইক্যুইটি নির্ভর। একটি মাত্র পণ্য দিয়ে চলছে বাজার। 

“আমরা পণ্য বহুমুখিকরণ নিয়ে কথা বলেছি। করহার পুনর্বিন্যাস করতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করতে আমরা পরামর্শ দিয়েছি সভায়।”