২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৩ বছর ‘লক-ইন’ থাকবে এশিয়াটিকের উদ্যোক্তাদের শেয়ার

আইপিওর অর্থ পুরোটা ব্যবহার করতে না পারা এবং অননুমোদিত খাতে ব্যয় করায় এ সিদ্ধান্তের কথা বলেছে বিএসইসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2026, 08:06 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

পুঁজিবাজারের তালিকাভুক্ত এশিয়াটিক ল্যাবরেটরিজের উদ্যোক্তা, পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারকদের ‘লক-ইন পিরিয়ড’ আরও তিন বছর বাড়ানো হয়েছে।

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলন করা অর্থের পুরোটা ব্যবহার করতে না পারা এবং অননুমোদিত খাতে ব্যয় করায় এমন সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার সভার সিদ্ধান্ত তুলে ধরে কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “২০২২ সালে পুঁজিবাজার থেকে ৯৫ কোটি টাকা উত্তোলন করে এশিয়াটিক ল্যাবরেটরিজ।

“আইপিও ফান্ডের ব্যবহার সম্পন্ন না করেই প্রকল্প মূল্যায়ন, সম্ভাব্যতা যাচাই ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন (রাজউক কর্তৃক বিল্ডিং প্ল্যান অনুমোদন, পরিবেশগত ছাড়পত্র ইত্যাদি) না নিয়ে এবং পূর্বঅভিজ্ঞতা ও দক্ষতা ছাড়াই কোম্পানিটি ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর ৩২ তলা ভবন নির্মাণের উচ্চাভিলাসী পরিকল্পনা সম্পর্কিত প্রাইস সেনসিটিভ ইনফরমেশন প্রকাশ করে।‘’

৩২ তলা ভবন নির্মাণের মাধ্যমে ব্যবসায় যুক্ত হওয়ার বিষয়টি কোম্পানির সংঘস্মারকের সঙ্গে সংগতিপূর্ণ নয় তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিদর্শনেও এ বিষয়ে অসংগতি উঠে আসে।”

এজন্য সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় ‘লক-ইন’ সময়সীমা বাড়ানোর কথা বলা হয় কমিশনের বিজ্ঞপ্তিতে।

‘লক-ইন’ এর মানে হলো, বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করতে পারবে না।