Published : 27 Apr 2026, 04:35 PM
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্পাত খাতের কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৩০ শতাংশ শেয়ার কিনে পর্ষদের কর্তৃত্ব নিচ্ছে আকিজ রিসোর্স।
ডমিনেজ স্টিল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়েছে, সাধারণ লেনদেনের বাইরে (ব্লক মার্কেটে) কোম্পানির ৩০ শতাংশ শেয়ারের মালিকানা কিনে নিচ্ছে আকিজ রিসোর্স।
শেয়ার হস্তান্তর ও মালিকানা বুঝে পাওয়ার পর ডমিনেজ স্টিলের পরিচালনা পর্ষদের কর্তৃত্ব চলে যাবে আকিজ রিসোর্সের হাতে। নতুন পর্ষদ কোম্পানির ব্যবসা ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নেবে।
বর্তমানে ডমিনেজ স্টিলের উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩০ দশমিক ২০ শতাংশ শেয়ার। শেয়ার হস্তান্তরের পরে কোম্পানির ওপর থেকে নিয়ন্ত্রণ হারাবেন উদ্যোক্তা পরিচালকরা।
রোববার ডমিনেজ স্টিলের শেয়ার হাতবদল হয় ৬১ টাকা দরে। আগের দিন সবশেষ দর ছিল ৬০ টাকা ৬০ পয়সা।
গত শনিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় শেয়ার বিক্রির সিদ্ধান্ত হয়। ডমিনেজ স্টিল জানিয়েছে, আলোচনার ভিত্তিতে ‘অফ–মার্কেটে’ লেনদেনের মাধ্যমে কোম্পানির মোট ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার শেয়ার আকিজ রিসোর্সের কাছে বিক্রি করা হচ্ছে, যা মোট শেয়ারের ৩০ শতাংশ। তবে প্রতি শেয়ার কত দরে বিক্রি করা হচ্ছে, সেই তথ্য সেখানে প্রকাশ করা হয়নি।
ডিএসইর তথ্য অনুযায়ী, এ কোম্পানির শেয়ার সংখ্যা ১০ কোটি ২৬ লাখ। কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের হাতে থাকা ৩০ শতাংশ শেয়ার কিনে নেবেন আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসাইন ও ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।
সরেজমিন পরিদর্শন শেষে গত ২৩ এপ্রিল ডিএসই প্রতিবেদন দেয়, ডমিনেজ স্টিলের দুটি কারখানার মধ্যে সভারের আশুলিয়া ইউনিট সচল থাকলেও নরসিংদির পলাশ ইউনিট বন্ধ রয়েছে।
শেয়ার বিক্রি ও হস্তান্তরের বিষয়টি অনুমোদনের জন্য এখন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদেন করবে ডমিনেজ স্টিলে। বিএসইসির সম্মতি পাওয়ার পর শেয়ার হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে।
২০২০ সালে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। ভবন নির্মাণ, বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন এবং যন্ত্রপাতি ক্রয়ে ওই অর্থ খরচ হবে বলে সে সময় জানানো হয়।
এ কোম্পানির ১৫০ কোটি টাকার অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১০২ কোটি টাকা।
সবশেষ ২০২৫ সালে ৫১ লাখ টাকা নিট মুনাফা করে বিনিয়োগকারীদের শূন্য দশমিক ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় ডমিনেজ স্টিল।
আকিজ রিসোর্স লিমিটেড দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী, যাদের ইস্পাত ও নির্মাণশিল্পের বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে।
এর আগে প্রায় ৪৫০ কোটি টাকায় মুন্সিগঞ্জের ‘ম্যাগনাম স্টিল’ কিনে নিয়ে ‘আকিজ ইস্পাত’ নামে পরিচালনা করছে আকিজ রিসোর্স গ্রুপ।