২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এল স্বল্প মূলধনী কোম্পানি

এগুলোর মধ্যে বির্তকিত ও লোকসানি কোম্পানির শেয়ারও রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2025, 07:22 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে স্বল্পমূলধনী কোম্পানির শেয়ার। শীর্ষ ১০টির তালিকার চারটিই এমন কোম্পানির শেয়ার।

সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে এসব কোম্পানির শেয়ারদর বেড়ে দিনশেষে দরবাড়ার ঊর্ধ্বসীমায় দিয়ে ঠেকে। এগুলোর মধ্যে বির্তকিত ও লোকসানি কোম্পানির শেয়ারও রয়েছে।

আর সূচকের ওঠানামার মধ্যে দিনশেষে ঊর্ধ্বগতি বজায় ছিল ডিএসইতে। ওষুধ খাতের লেনদেনের ওপর ভর করে সার্বিকভাবে ডিএসইর লেনদেন বেড়ে পৌনে এক হাজার কোটি টাকা হয়েছে। মোট শেয়ার হাতবদল হয় ৯৭৫ কোটি ৮৫ লাখ টাকার। আগের দিনে যা ছিল ৮০১ কোটি টাকা।

বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বাড়ায় সূচকের ইতিবাচক ধারা এদিনও বজায় ছিল। আগের দিনের চেয়ে প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১৯ পয়েন্টে উঠেছে।

এদিন শেয়ারদর বৃদ্ধির শীর্ষ অবস্থানে চলে এসেছে বিতর্কিত ও শেয়ারদর কারসাজির ঘটনায় বড় অঙ্কের জরিমানার মুখে পড়া সোনালী পেপার লিমিটেড। ৩২ কোটি ৯৪ লাখ টাকার পরিশোধিত মূলধনের এ কোম্পানির শেয়ারদর এদিন বেড়েছে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ৯ দশমিক ৯৭ শতাংশ। সবশেষ শেয়ারটি হাতবদল হয় ২০৬ টাকা ৬০ পয়সায়। আগের দিন দর ছিল ১৮৭ টাকা ৫০ পয়সা।

এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এসিআই ফরমুলা। এটির দরও সার্কিট ব্রেকারের সর্বোচ্চ (৯ দশমিক ৯৪ শতাংশ) ১৫২ টাকা ৫০ পয়সায় উঠেছে। এরপর আরেক স্বল্পমূলধনী কোম্পানি বিডি অটোকারের দরও সর্বোচ্চ সীমা ছুঁয়ে লেনদেন হয়েছে। ৪ কোটি ৩২ লাখ টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানির শেয়ারদর বেড়ে হয়েছে ১৩২ টাকা ৯০ পয়সা।

শেয়ার দর বৃদ্ধিতে শীর্ষ দশে স্থান করে নেওয়া ইনটেকের পরিশোধিত মূলধন ৩১ কোটি ৩২ লাখ টাকা, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ১০ কোটি ৯২ লাখ টাকা এবং সোনালী আঁশের ১০ কোটি ৮৪ লাখ টাকা।

এর মধ্যে সোনালী আঁশ ও ইনটেকের শেয়ার দর বেড়েছে ৮ শতাংশের বেশি আর ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের দর বেড়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ।

অন্যদিকে ক্লোজিং প্রাইস বিবেচনায় শেয়ার দর হারানোর শীর্ষে চলে আসে আইসিবি এমপ্লয়িস প্রভিডেন্ড মিউচুয়াল ফান্ড-১, স্কিম-১। পরের অবস্থানে ছিল ফার্স্টসিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ক্যাপিটাল।

এদিন লেনদেনে আসা ৪০০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৪২টির, আগের দিনের তুলনায় কমেছে ৯৪টির এবং আগের দরে হাতবদল হয় ৬৪টির।

সপ্তাহের দ্বিতীয় দিনে সোমবার সূচকের সঙ্গে লেনদেনও বেড়ে ৯৭৫ কোটি টাকা ছাড়িয়েছে। এর আগে সবশেষ ৩ অগাস্ট ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকার বেশি ১ হাজার ১৩৭ কোটি টাকা হয়েছিল। সেদিন সূচকও বেড়ে সাড়ে ৫ হাজার পয়েন্ট ছাড়িয়েছিল। এরপরের সাত দিন আবার দরপতনে ধারায় যায় বাজার, তখন লেনদেনও কমে যায়।