বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, ৫ জনের বেতন কমল
গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় ২২ জনের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হল।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে একসঙ্গে ১৭ কর্মকর্তাকে ‘বাধ্যতামূলক’ অবসরে পাঠানো হয়েছে।
সেই সঙ্গে পাঁচ কর্মকর্তার বেতন কমিয়ে পরবর্তী নিচের ধাপে নামিয়ে এনেছে কমিশন।
গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল অর্থমন্ত্রণালয়।
তাদের মধ্যে ২২ জনের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে মঙ্গলবার কমিশন সভার তাদের তা জানিয়ে দেওয়া হয়। এ নিয়ে কমিশনে থমথমে অবস্থা বিরাজ করছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
২০২৫ সালের ৫ মার্চ বিভিন্ন দাবি আদায়ে বিএসইসির তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ কমিশনারদের কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন কর্মকর্তারা। পরে পুলিশসহ একাধিক বাহিনীর সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করেন।
বিএসইসির তৎকালীন নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে কর্মকর্তারা ওই ঘটনা ঘটান।
কমিশন চেয়ারম্যানসহ অন্যদের নাজেহাল করার অভিযোগ এনে পরদিন রাজধানীর শেরে বাংলা থানায় মামলা করেন চেয়ারম্যানের নিরাপত্তায় নিয়োজিত থাকা গানম্যান আশিকুর রহমান। মামলায় ১৬ জনের নাম উল্লেখ করা হয়।
সেই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন রাশেদ মাকসুদ। নতুন চেয়ারম্যান হিসেবে গত জুন মাসে বিএসইসিতে যোগ দিয়ে মাসুদ খানও সেই তদন্তের ধারাবাহিকতা বজায় রাখেন।
বিএসইসির পাশাপাশি অর্থমন্ত্রণালয় থেকেও অভিযোগটি তদন্ত করে ১৬ জনের স্বাক্ষ্য নেওয়া হয়। তারপর ২৩ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয় বিএসইসিতে।
এ বিষয়ে জানতে চাইলে বিএসইসি মুখপাত্র ও পরিচালক আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘এটা কমিশনের (বিএসইসি) ইন্টারনাল বিষয়। সেটা নিয়ে কোনো কিছু বলা হবে না। এটার তো কোনো প্রয়োজন নেই।’’
এ বিষয়ে কথা বলতে বিএসইসির বর্তমান চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও সাড়া দেননি।
পুরনো খবর
