বাজারে গতি আনতে বিএফএমএফ গঠন
পুঁজিবাজারসহ সার্বিক অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ফিন্যান্সিয়াল মার্কেট ফোরাম (বিএফএমএফ) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বোর্ড রুমে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এ সমন্বিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সমন্বয় সভা শেষে ফোরাম গঠনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন।
প্রথমাবস্থায় পুঁজিবাজার সংশ্লিষ্ট মোট ছয়টি সংগঠনের সমন্বয়ে এ ফোরাম গঠন করা হয়েছে। সংগঠন ছয়টি হচ্ছে- ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন,বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন ও অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।
ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর আহ্বায়ক আহসানুল ইসলাম টিটু জানান, এই ফোরাম প্রাথমিকভাবে পুঁজিবাজার নিয়ে কাজ করবে। পরবর্তীতে দেশের অন্যান্য খাত নিয়েও কাজ করবে।
সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান ও আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সভাপতি আলী রেজা ইফতেখার, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, বাংলাদেশ লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আসাদ খান উপস্থিত ছিলেন।
