২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন বাড়লেও পুঁজিবাজারে সূচক নেমেছে

ঈদের ছুটির পর দ্বিতীয় কার্যদিবসের লেনদেনে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের উপস্থিতি তুলনামূলক কম ছিলো। লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বাড়লেও সূচক কমেছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2022, 06:58 PM

Updated : 14 Jul 2022, 07:02 PM

বুধবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০ দশমিক ৬৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৮ শতাংশ সূচক কমে হয়েছে ৬ হাজার ৩২৪ দশমিক ৮১ পয়েন্ট। 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই কমেছে শূন্য দশমিক ৪২ শতাংশ। দিনশেষে সিএএসপিআই ৭২ দশমিক ৩১ পয়েন্ট কমে হয় ১৮ হাজার ৬১৫ দশমিক ১৪ পয়েন্ট।

এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ২ কোটি ৭৯ লাখ টাকা বেড়ে ২২ কোটি ৪৩ লাখ টাকা হয়েছে। মঙ্গলবার লেনদেন হয়েছিল ১৯ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার।

বুধবার ঢাকার বাজারে ৭০২ কোটি ৩১ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের দিনের চেয়ে ৩ দশমিক ৩৬ শতাংশ বেশি।

মঙ্গলবার এই বাজারে ৬৭৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

ডিএসইর পরিচালক শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের পরে বিনিয়োগকারীরা ফিরে আসতে শুরু করেনি। আগামী রোববার বিনিয়োগকারী ফিরে আসবেন বলে মনে করি। এখন ১০ শতাংশ বিনিয়োগকারীও ফিরে আসেনি।

“আগামী সপ্তাহ থেকে লেনদেন আরো ২০ শতাংশ বাড়বে। এখন বেশি লেনদেন হয় অনলাইনে আর মোবাইলে।” 

কোরবানির ঈদের আগে সর্বশেষ লেনদেন হয় গত বৃহস্পতিবার। ঈদ উপলক্ষে রোববার ও সোমবার পুঁজিবাজার বন্ধ ছিল।  

বুধবার ডিএসইতে ৩৮১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়, এর মধ্যে ৭৭টির দর বেড়েছে, ২৫৯টির কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৯১ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৭ দশমিক ৭২ পয়েন্ট হয়েছে।

আর ডিএস৩০ সূচক ১১ দশমিক ১৮ পয়েন্ট কমে হয়েছে ২ হাজার ২৭২  দশমিক ৯৬ পয়েন্ট।

লেনদেনের শীর্ষ ১০

ফরচুন সুজ, বেক্সিমকো লি., আইপিডিসি, তিতাস গ্যাস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিক, গোল্ডেন সন,  ফু-ওয়াং ফুড, জেএমআই হসপিটাল ও সী পার্ল বীচ।

দাম বাড়ার শীর্ষ ১০

লিব্রা ইনফিউশন, ইস্টার্ন ক্যাবলস, ন্যাশনাল টিউবস, সানলাইফ ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, বার্জার পেইন্টস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, এসএস স্টীল ও সোনার বাংলা ইন্স্যুরেন্স।

দর হারানোর শীর্ষ ১০

অ্যাডভেন্ট ফার্মা, রবি আজিয়াটা, অরিয়ন ফার্মা, প্রইম টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, এফএএস ফাইন্যান্স, আইসিবি ইসলামিক ব্যাংক, রিজেন্ট টেক্সটাইল ও ইনডেক্স এগ্রো।  

বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ২৭০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৬১টির দর বেড়েছে, ১৭৭টির কমেছে এবং ৩২টির দর অপরিবর্তিত রয়েছে।