ইউক্রেইনে যুদ্ধের খবরে ঢাকার পুঁজিবাজারে বড় পতন
ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযানের খবরে বড় দরপতন হয়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।
সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার বাংলাদেশের দুই পুঁজিবজারেই সূচক কমেছে।
শেয়ারবাজারে লেনদেন শুরু হয় সকাল ১০টায়। তার আগেই ইউক্রেইনে রাশিয়ার ‘সামরিক অভিযান’ শুরুর ঘোষণা আসে। এরপর বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলারে উঠে যায়, দরপতন ঘটে পুজিবাজারে।
ঢাকার শেয়ারবাজারে সকালে লেনদেনের শুরুতে সূচক সামান্য উঠলেও আধা ঘণ্টার মাথায় তা পতনের পথ ধরে। ১১টার পর পতন দ্রুততর হয়।
লেনদেনের শুরুতে ডিএসইএক্স যেখানে ৬ হাজার ৯৪৮ পয়েন্টে ছিল, বেলা ১২টা ১১ মিনিটে নেমে আসে ৬ হাজার ৮৪৭ পয়েন্টে।
মাঝে সূচক সামান্য উঠলেও তা স্থায়ী হয়নি। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ১০৯ দশমিক ২৩ পয়েন্ট বা ১ দশমিক ৫৭ শতাংশ কমে ৬ হাজার ৮৩৯ দশমিক ৪৪ পয়েন্ট হয়।
শতাংশের হিসাবে এই পতন গত চার মাসের মধ্যে বেশি। এর আগে এর চেয়ে বেশি পতন হয়েছিল গত বছরের ২৫ অক্টোবর। সেদিন ডিএসইএক্স ১২০ দশমিক ৪২ পয়েন্ট বা ১ দশমিক ৭১ শতাংশ পড়ে গিয়েছিল।
শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুদ্ধ শুরু হওয়ার খবরের একটা সাইকোলজিকাল প্রভাব বাংলাদেশের পুঁজিবাজারে পড়েছে। পাশাপাশি যুদ্ধের ফলে তেলের দাম বেড়ে যাবে এর একটা প্রভাব মূল্যস্ফীতিতে পড়বে। সেটার প্রভাব পুঁজিবাজারে চলে আসবে। দুটো কারণে বাংলাদেশের পুঁজিবাজারে সূচক কমেছে।”
বৃহস্পতিবার এ বাজারে আগের দিনের তুলনায় ১৮ দশমিক ২৯ শতাংশ বা ১৬২ কোটি ৪৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে।
ঢাকায় এদিন ১ হাজার ৫০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ছিল ৮৮৭ কোটি ৮৫ লাখ টাকা।
ডিএসইতে ৮৬ শতাংশ কোম্পানির দাম কমেছে। এর বিপরীতে ৮ শতাংশের দাম বেড়েছে; অপরিবর্তিত রয়েছে ৬ শতাংশ কোম্পানির শেয়ারের দাম।
এ বাজারে লেনদেন হওয়া ৩৭৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ৩০টির দর বেড়েছে, ৩২৬টির কমেছে এবং ২১টির দর অপরিবর্তিত রয়েছে।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২২ দশমিক ৮৩ পয়েন্ট কমে ১ হাজার ৪৭৫ দশমিক ৭২ পয়েন্ট হয়েছে। ডিএস৩০ সূচক ৩৫ দশমিক ৫৩ পয়েন্ট কমে হয়েছে ২ হাজার ৫১৪ দশমিক ৯৭ পয়েন্টে।
লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি: বেক্সিমকো লিমিটেড, অরিয়ন ফার্মা, বিএসসি, ডিএসএসএল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পিডিএল, বেক্সিমকো ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিএটিবিসি ও ফরচুন সুজ।
দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০ কোম্পানি: পিডিএল, ক্রাউন সিমেন্ট, নূরানী ডায়িং, ইটিএল, ডিএসএসএল, প্রিমিয়ার সিমেন্ট, জাহিন টেক্স, এসইএমএল এলইসি মিউচুয়াল ফান্ড, রিং সাইন ও ডেল্টা স্পিনিং।
বেশি দর হারানো ১০ কোম্পানি: ইমাম বাটন, ইয়াকিন পলিমার, এডিএন টেলিকম, এপেক্স স্পিনিং, ইউনিয়ন ইন্সুরেন্স, টুংহাই ইন্ডাস্ট্রিজ, বিডি ওয়েল্ডিং, রিলায়েন্স-১, বিডি ল্যাম্পস ও তাক্কাফুল ইন্সুরেন্স।
এদিন চট্টগ্রামের পুঁজিবাজারেও সূচক কমেছে, তবে লেনদেন বেড়েছে।
এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই দশমিক ৩২২ দশমিক ১৬ পয়েন্ট বা ১ দশমিক ৫৯ শতাংশ কমে ১৯ হাজার ৯৯১ দশমিক ৫৫ পয়েন্ট হয়েছে।
লেনদেন হয়েছে আগের দিনের তুলনায় ৫৩ দশমিক ১৩ শতাংশ বা ১২ লাখ ৯৯ হাজার টাকা বেশি।
মোট ৩৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে সিএসইতে, যা আগের দিন ২৪ কোটি ৪৬ লাখ টাকা ছিল।
সিএসইতে ৩০৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৩৬টির দর বেড়েছে, ২৫৪টির কমেছে এবং ১৯টির দর অপরিবর্তিত রয়েছে।
