সপ্তাহের শুরুতে হঠাৎ বড় দরপতন
প্রায় দুই তৃতীয়াংশ শেয়ার দর হারালে সপ্তাহের প্রথম দিন রোববার দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে বড় দরপতন হয়েছে।
দিনের একেবারে শুরু থেকে সূচক নিম্নমুখী হয়ে পড়লে হঠাৎ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির হিড়িক দেখা দেয়। এতে শেষ পর্যন্ত এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৬৪ দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ৯৩ শতাংশ কমে ৬ হাজার ৯২৬ দশমিক ৬৩ পয়েন্টে নেমে যায়।
তবে সূচক কমলেও লেনদেন বেড়েছে ডিএসইতে। এদিন এ বাজারে আগের দিনের তুলনায় শেয়ার কেনাবেচা ১৩৫ কোটি ৯৪ লাখ টাকা বেড়ে এক হাজার ১৪০ কোটি ৯৪ লাখ টাকা হয়েছে। আগের কর্মদিবসে যা ছিল ১ হাজার ৪ কোটি ৯৯ লাখ টাকা।
রোববার ডিএসইতে ৭১ শতাংশ কোম্পানির শেয়ারের দাম কমার বিপরীতে ২০ শতাংশের দাম বেড়েছে এবং অপরিবর্তিত রয়েছে ৯ শতাংশ শেয়ারের দাম।
এ বাজারে লেনদেন হয়েছে ৩৮০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির এবং কমেছে ২৭০টির। অপরিবর্তিত ছিল ৩৩টির দর।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৯৮ দশমিক ৭৭ পয়েন্টে।
ডিএস৩০ সূচক ২৮ দশমিক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৪৫ দশমিক ৬২ পয়েন্টে।
লেনদেনের শীর্ষ ১০
ফরচুন সুজ, বেক্সিমকো লিঃ, ন্যাশনাল লাইফ, অরিয়ন ফার্মা, বিএসসি, জেনেক্স ইনফোসিস, সাইফ পাওয়ার, রহিমা ফুড, বিএটিবিসি ও ইয়াকিন পলিমার।
দাম বাড়ার শীর্ষ ১০
হাক্কানী পাল্প, সমতা লেদার, এপেক্স স্পিনিং, জিকিউ বলপেন, আজিজ পাইপস, এটলাস বাংলাদেশ, একমি পেস্টিসাইডস, এম্বি ফার্মা, স্ট্যান্ডার্ড সিরামিকস ও মনোস্পুল পেপার।
দর হারানো শীর্ষ ১০
জেনেক্স ইনফোসিস, ইয়াকিন পলিমার, তমিজউদ্দিন টেক্সটাইল, ইউনিয়ন ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মা, অলিম্পিক এক্সেসরিজ, খান ব্রাদার্স পিপি, রহিম টেক্স, আইসিবি ইসলামি ব্যাংক ও সোনারবাংলা ইন্স্যুরেন্স।
এদিন চট্টগ্রামের পুঁজিবাজার সিএসইতে সূচক কমলেও লেনদেন বেড়েছে।
এ বাজারে ৩১৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়। এর মধ্যে দর বাড়ে ৭৭টির, কমে ২১১টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির দর।
এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ২২৯ দশমিক শূন্য ৯ পয়েন্ট বা ১ দশমিক ১২ শতাংশ কমে অবস্থান করছে ২০ হাজার ২৩০ দশমিক ৪৮ পয়েন্টে।
রোববার এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ২ কোটি ৮৭ লাখ টাকা বেড়ে মোট ৩৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন যা ছিল ৩৪ কোটি ৬৮ লাখ টাকা।
