২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাজারমূল্যে’ হবে পুঁজিবাজারে আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ গণনা

পুঁজিবাজারে ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ কী পদ্ধতিতে গণনা হবে এবং কি কি বিনিয়োগের অংশ হিসেবে গণ্য হবে তা সুস্পষ্ট করেছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2022, 11:43 PM

Updated : 02 Aug 2022, 02:55 PM

এতে ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানের পুঁজিবাজারে বিনিয়োগও (ক্যাপিটাল মার্কেট এক্সপোজার) ‘বাজারমূল্যে’ (মার্ক-টু-মার্কেট বেসিস) হিসেবে গণনা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ বিষয়ে সার্কুলার দিয়েছে।

এতদিন পুঁজিবাজারে বিনিয়োগ গণনায় প্রায় একই রকম নিয়ম শুধু বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য প্রযোজ্য ছিল।

মঙ্গলবার নীতিমালা হিসেবে দেওয়া এ সার্কুলারে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে সর্বোচ্চ কতটা বিনিয়োগ করতে পারবে তা আগে নির্ধারণ করা ছিল। ১৯৯৩ সালের আর্থিক প্রতিষ্ঠান আইনের ১৬ ধারায় সেটি সুনির্দিষ্ট করা আছে।

তবে আর্থিক প্রতিষ্ঠানগুলোর কোন কোন বিনিয়োগ পুঁজিবাজারের বিনিয়োগ হিসেবে গণ্য হবে সেটি পরিষ্কার ছিল না। সেটি সুস্পষ্ট করতেই এ সার্কুলার বলে উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ।

সার্কুলারে বলা হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত শেয়ার ডিবেঞ্চার, করপোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড ইউনিট এবং পুঁজিবাজারের অন্যান্য নিদর্শনপত্রের বাজার মূল্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর পুঁজিবাজরে বিনিয়োগ হিসেবে গণ্য হবে।

এছাড়া পুঁজিবাজারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়োজিত নিজস্ব সহযোগী কোম্পানিতে প্রদত্ত ঋণের স্থিতি আর্থিক প্রতিষ্ঠানগুলোর পুঁজিবাজরে বিনিয়োগ হিসেবে গণ্য হবে না।

সার্কুলারে বলা হয়েছে, পুঁজিবাজারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়োজিত অপর কোন কোম্পানি কোম্পানিসমূহকে অথবা কোন স্টক ডিলারকে দেওয়া ঋণের স্থিতি এবং তাদের সঙ্গে রক্ষিত তহবিল সেটা প্লেসমেন্ট বা অন্য যে নামেই অভহিত হোক না কেন সেটাকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর পুঁজিবাজরে বিনিয়োগ হিসেবে গণ্য হবে।

একইভাবে পুঁজিবাজারে বিনিয়োগের উদ্যেশ্যে গঠিত কোনো তহবিলে প্রদত্ত চাঁদাকেও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পুঁজিবাজারে বিনিয়োগ হিসেবে গণ্য হবে।

তবে সহযোগী কোম্পানিতে দেওয়া মূলধন পুঁজিবাজরে বিনিয়োগ হিসেবে গণ্য হবে না বলে সার্কুলারে বলা হয়েছে।

একইভাবে দীর্ঘমেয়াদি ইকুয়িটি বিনিয়োগ বা ভেঞ্চার ক্যাপিট্যালে বিনিয়োগ আর্থকি প্রতিষ্ঠানগুলোর পুঁজিবাজারে বিনিয়োগ হিসেবে গণ্য হবে না।

আর সেন্ট্রাল ডিপোজিটরি বিডি অথবা স্টক এক্সচেঞ্জের শেয়ারে বিনিয়োগও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পুঁজিবাজারে বিনিয়োগ হিসেবে গণ্য হবে না।

এছাড়াস সার্কুলারে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রতি তিন মাস পরপর পুঁজিবাজারে বিনিয়োগের হিসাব নির্দিষ্ট ছকে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।