২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণ শ্রেণিকরণ নীতির সমালোচনায় বিএসইসি চেয়ারম্যান

দেশে বিদ্যমান ঋণ শ্রেণিকরণ পদ্ধতি ব্যবসাবান্ধব নয় বলে মন্তব্য করেছেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2022, 12:12 AM

Updated : 02 Aug 2022, 02:55 PM

রোববার ঢাকার একটি হোটেলে এক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন।

“ক্লাসিফিকেশন রুলটা আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবসাবান্ধব না। সবাইতো আর নিয়ত খারাপ নিয়ে ব্যবসা করতে আসে না। কিন্তু অনেক মানুষ ব্যবসা করতে এসে এ ঋণ শ্রেণিকরণ পদ্ধতির কারণে নিজে বিপদে পড়ে, ব্যাংককে বিপদে ফেলে।

“এর কারণে উদ্যোক্তার জেল জরিমানা হচ্ছে। ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। ব্যাংক বিপদে পড়ছে। সবাইকে নিয়ে সমস্যায় পড়ছে।”

বিএসইসি চেয়ারম্যান বলেন, এই ব্যবসায়ীরা যদি পুঁজিবাজার থেকে টাকা নিতেন তাহলে কিন্তু তাদের তিন বা চার মাস কিস্তি না দিলে ব্যবসা বন্ধ হয়ে যেত না। কিংবা তাদের একটা প্রতিষ্ঠান ক্লাসিফাইড হলে বাকি নয়টি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেত না।

“এমন দেখা গেছে আমি একটি প্রতিষ্ঠানে যুক্ত আছি, যেখানে আমার সেই কোম্পানির ব্যবস্থাপনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। দেখা গেল সেই প্রতিষ্ঠান খেলাপি। এতে আমার ভালো ১০ প্রতিষ্ঠান খেলাপি হয়ে যাচ্ছে। এসব কারণে আমাদের দেশে ‘মানি মার্কেটে’ একটি অরাজকতা দেখা দিয়েছে।“

অনলাইন নিউজ পোর্টাল বিজনেস আওয়ার টোয়েন্টিফোর ডটকম এ সেমিনারের আয়োজন করে।

“শেয়ারবাজারে ভালো কোম্পানির তালিকাভুক্তির প্রতিবন্ধকতা ও সমাধানের উপায়” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন শিবলী রুবাইয়াত।

এতে বিশেষ অতিথি ছিলেন বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান।