২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে আরএকে সিরামিকস

পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত আরএকে সিরামিকস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2022, 10:49 PM

Updated : 02 Aug 2022, 02:49 PM

অর্থাৎ, প্রতি শেয়ারে একজন বিনিয়োগকারী ১ টাকা ২৫ পয়সা পবেন।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ৩১ মার্চ এ কোম্পানির সাধারন সভা অনুষ্ঠিত হবে। রেকার্ড ডেট ২৪ ফেব্রুয়ারি।

২০২১ সালে আরএকে সিরামিকস বাংলাদেশ লিমিটেড প্রতি শেয়ারে ২ টাকা ১২ পয়সা মুনাফা করেছে। আগের বছর এই সময় তাদের প্রতি শেয়ারে মুনাফা ছিল ৭৩ পয়সা।

এই সময়ে আরএকে সিরামিকস শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ কমেছে। ২০২১ সালে তাদের প্রতি শেয়ারে নগদ অর্থ প্রবাহ হয়েছে ১ টাকা ৩৬ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৮৭ পয়সা।

২০২১ সালে কোম্পানিটির প্রতি শেয়ারে বাজারের সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৫৩ পয়সা, আগের বছর যা ছিল ১৬ টাকা ৪১ পয়সা।

আরএকে সিরামিকস বলছে, ব্যবসা কৌশল পরিবর্তন করে আয় বাড়িয়েছে তারা। এছাড়া এ বছর খরচ কমিয়ে ভালো মুনাফা করেছে। কিন্তু গ্রাহকদের কাছ থেকে টাকা না আসায় নগদ অর্থ প্রবাহ কমেছে।  

লভ্যাংশের খবরের পরও আরএকে সিরামিকস লিমিটেডের শেয়ারের দাম কমেছে। আগেরদিন এ শেয়ার ৫৮ টাকা ৯০ পয়সায় বিক্রি হচ্ছিল, বৃহস্পতিবার দিন শেষে দাম হয়েছে ৫৫ টাকা ১০ পয়সা।

২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।

২০২০ অর্থবছরে আরএকে সিরামিকস ৩১ কোটি ৭ লাখ টাকা মুনাফা করেছিল; লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ১ টাকা।

আর ২০১৯ অর্থবছরে ৭৫ কোটি ৪০ লাখ টাকা মুনাফা করে শেয়ার প্রতি ১ টাকা ৫০ পয়সা লভ্যাংশ দিয়েছিল।

পুঁজিবাজারে এ কোম্পানির ৪২ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৭০১টি শেয়ার আছে। এর মধ্যে ৭২ দশমিক ১০ শতাংশ আছে পরিচালকদের হাতে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ১৮ দশমিক ৫৬ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে দশমিক ৫৯ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৮ দশমিক ৭৫ শতাংশ শেয়ার আছে।

আরএকে সিরামিকসের বর্তমান বাজার মূলধন ২ হাজার ৫২০ কোটি ৭৪ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ৪২৭ কোটি ৯৭ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ১২৭ কোটি টাকা।