২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই সূচক ৭ হাজারে ফিরল

তিন দিন পতনের পর টানা দুই দিনের উন্নতিতে আবার সাত হাজার পয়েন্টের ঘরে ফিরে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2022, 09:41 PM

Updated : 02 Aug 2022, 02:49 PM

সপ্তাহের চতুর্থ দিন বুধবার ঢাকার পুঁজিবাজার দিন শেষ করেছে সূচকের ঘরে ৭ হাজার ১৬ দশমিক ৭৬ পয়েন্ট নিয়ে, যা আগের দিনের চেয়ে ১৯ দশমিক ১৬ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ বেশি।

গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার থেকে ডিএসইতে সূচক পতন চলছিল। এ সপ্তাহের প্রথম দিন  সূচক নেমে যায় সাত হাজার পয়েন্টের নিচে। সোমবার আরও কমে হয় ৬ হাজার ৯২৬ দশমিক ২৯ পয়েন্ট।

মঙ্গলবার ঘুরে দাঁড়ায় ঢাকার বাজার, সূচকে যোগ হয় ৭১ পয়েন্ট, বুধবার তা আরও বেড়ে ফের সাত হাজার পয়েন্টের উপরে নিল ডিএসইকে। 

সূচক বাড়লেও বুধবার এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৬ দশমিক ৩৪ শতাংশ বা ৮৫ কোটি ৬৯ লাখ টাকা কমেছে।

ঢাকায় এদিন ১ হাজার ২৬৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ১ হাজার ৩৫২ কোটি ৫৭ লাখ টাকা ছিল।

ডিএসইতে এদিন ৩৩ শতাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে; বেড়েছে ৫৪ শতাংশের দাম।

এ বাজারে লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ২০৪টির দর বেড়েছে, ১২৬টির কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে অ ১ হাজার ৫০৩ দশমিক ৯৯ পয়েন্ট হয়েছে। ডিএস৩০ সূচক ৪ দশমিক ২০ পয়েন্ট বেড়ে হয়েছে ২ হাজার ৫৯২ দশমিক ৭৭ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি: বেক্সিমকো লিমিটেড, বিএসসি, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, বিবিএস, আরএকে সিরামিকস, ন্যাশনাল পলিমার, লাফার্জ হোলসিম বাংলাদেশ, ইউনিয়ন ব্যাংক ও কুইনসাউথ টেক্সটাইল।

দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০ কোম্পানি: রূপালি লাইফ ইন্সুরেন্স, বিডি থাই ফুড, ইউনিয়ন ইন্সুরেন্স, বেঙ্গল উইন্ডসোর, অলিম্পিক এক্সেসরিজ, ইয়াকিন পলিমার, রিং শাইন, একমী পেস্টিসাইডিস, সামিট অ্যালায়েন্স পোর্ট ও ফরচুন সুজ।

বেশি দর হারানো ১০ কোম্পানি: সমরিতা হসপিটাল, সোনারগাঁও টেক্সটাইল, মতিন স্পিনিং, বিবিএস, আরএকে সিরামিকস, বিপিএমএল, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, অগ্নি সিস্টেম, আইসিবি অগ্রণী-১ ও এসিআই ফর্মুলেশন।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও এদিন সূচক ও লেনদেন বেড়েছে। 

এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ৪৩ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ বেড়ে ২০ হাজার ৫৬৬ দশমিক ১৬ পয়েন্ট হয়েছে।

লেনদেন বেড়েছে আগের দিনের তুলনায় ৬ কোটি ৭ লাখ টাকা বা ১২ দশমিক ৮৪ শতাংশ।

সিএসইতে মোট ৫৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ৪৭ কোটি ২৬ লাখ টাকা ছিল।

হাতবদল হওয়া ৩০৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১৭০টির দর বেড়েছে, ১০১টির কমেছে এবং ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে।