বছরের প্রথম লেনদেনে পুঁজিবাজারে বড় উত্থান
বছরের প্রথম লেনদেনে বড় উত্থান হয়েছে দেশের দুই পুঁজিবাজারে।
রোববার সপ্তাহের প্রথম দিন ছিল ২০২২ সালের প্রথম লেনদেন। এদিন শুরু থেকেই দর বেড়ে লেনদেনে আসে বেশির ভাগ শেয়ার, যা শেষ পর্যন্ত বজায় ছিল।
দিনের বড় অংশজুড়ে আড়াই শতাধিক শেয়ারের দর আগের দিনের থেকো বেড়ে লেনদেন হয়। এতে দিনের এক পর্যায়ে সূচকের উত্থানে সেঞ্চুরিও হয়েছিল।
দিনের শেষভাগে লেনদেনের চার ঘণ্টার মাথায় প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ১০৩ পয়েন্টের বেশি বেড়েছিল।
দিন শেষে ডিএসইএক্স আগের দিন থেকে ৯৬ দশমিক ৪৮ পয়েন্ট বা ১ দশমিক ৪৩ শতাংশ বেড়ে ৬ হাজার ৮৫৩ দশমিক ১৪ পয়েন্টে অবস্থান করছে।
শতাংশের হিসাবে এক দিনে এ উত্থান গত এক মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে এর চেয়ে বেশি সূচক বেড়েছিল গত বছরের ১ ডিসেম্বর। সেদিন ডিএসই সূচক বেড়েছিল ২ দশমিক ১৪ শতাংশ।
এদিন দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও সূচকে বড় উল্লম্ফন হয়েছে।
এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ৩৮৮ দশমিক ৪২ পয়েন্ট বা ১ দশমিক ৯৮ শতাংশ বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৫৪ দশমিক ৫০ পয়েন্টে।
রোববার ঢাকার বাজারে সূচক অনেক বাড়লেও লেনদেন আগের দিনের তুলনায় ৩ শতাংশ বা ২৬ কোটি ৬৪ লাখ টাকা কমেছে।
মোট ৮৯৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ৯২১ কোটি ৮১ লাখ টাকা।
এদিন এ বাজারে লেনদেন হয়েছে ৩৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২৯৪টির এবং কমেছে ৬৪টির। অপরিবর্তিত রয়েছে ২০টির দর।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪৫ দশমিক ৩৮ পয়েন্টে।
ডিএস৩০ সূচক ২৮ দশমিক শূন্য ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৬০ দশমিক ৬৪ পয়েন্টে।
লেনদেনের শীর্ষ ১০
বেক্সিমকো লিঃ, বিএসসি, ফরচুন সুজ, আইএফআইসি ব্যাংক, জিএসপি ফাইন্যান্স, সোনালি পেপার, ওয়ান ব্যাংক, জেনেক্স ইনফোসেস, ডেল্টা লাইফ ও পাওয়ার গ্রিড।
দাম বাড়ার শীর্ষ ১০
ফরচুন সুজ, সিভিও পিআরএল, বিএসসি, তৌফিকা ফুড, ঢাকা ডাইং, আইএফআইসি ব্যাংক, পেনিনসুলা চিটগাং, গোল্ডেন সন, একমি পেস্টিসাইড ও শাহাজিবাজার পাওয়ার।
বেশি দর হারানো ১০
সোনালী পেপার, এটলাস বাংলা, এশিয়া ইন্স্যুরেন্স, মনোস্পুল পেপার, রিলায়েন্স ইন্স্যুরেন্স, কে অ্যান্ড কিউ, বিএনআইসিএল, বাটা সু কোং, ব্যাংক এশিয়া ও ন্যাশনাল টিউবস।
দেশের অপর বাজার সিএসইতে ২৬২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৭টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দর।
লেনদেন আগের দিনের তুলনায় ৫৩ দশমিক ৬৮ শতাংশ বা ৩১ কোটি ৪৬ লাখ টাকা কমেছে।
এদিন মোট ২৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৫৮ কোটি ৬১ লাখ টাকা।
