সাড়ে ১৪ কোটি টাকা বিনিয়োগ করছে কেডিএস এক্সেসরিজ
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কেডিএস এক্সেসরিজ লিমিটেড কার্টন তৈরির সক্ষমতা বাড়াতে ১৪ কোটি ৪৫ লাখ টাকা বিনিয়োগ করছে, যা আসবে ব্যাংক ঋণ থেকে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কেডিএস এক্সেসরিজের এই ঘোষণার কথা জানানো হয়েছে।
কেডিএস এক্সেসরিজের পরিচালনা পর্ষদ জানিয়েছে, ওই টাকা দিয়ে তারা নতুন ভবন নির্মাণ করবে এবং যন্ত্র স্থাপন করবে। তাতে তাদের কার্টন তৈরির প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় হবে।
এই প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন হলে বছরে বাড়তি ৩০ লাখ কার্টন বক্স বানাতে পারবে কেডিএস, যার মধ্য দিয়ে ২৫ কোটি টাকা বাড়তি আয়ের আশা করছে তারা।
কেডিএস এক্সেসরিজ বর্তমানে বছরে তিন কোটি কার্টন তৈরি করতে পারে। গত বছর এ কোম্পানি প্রায় ২৩০ কোটি টাকার পণ্য বিক্রি করেছে, যার মধ্যে ৭৭ দশমিক ৪১ শতাংশ বা ১৭৮ কোটি ২০ লাখ টাকা এসেছে কার্টন বিক্রি থেকে। গতবছর তারা মুনাফা করেছে ১৩ কোটি ৮৪ লাখ টাকা।
কার্টন বক্স ছাড়াও লেবেল, ইলাস্টিক, বোতাম, গাম টেপ, হ্যাংগার ও প্রিন্টিং ম্যাটিরিয়াল তৈরি করে থাকে কেডিএস এক্সেসরিজ।
বাংলাদেশের পুঁজিবাজারে ২০১৫ সালে তালিকাভুক্ত কেডিএসের শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে। বৃহস্পতিবার ঢাকার পুঁজিবাজারে এ শেয়ার ৫৩ টাকা ২০ পয়সায় লেনদেন হচ্ছিল।
কেডিএস এক্সেসরিজ বর্তমান বাজার মূলধন ৩৩৭ কোটি ৪ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ৬৬ কোটি ২২ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৭৯ কোটি ৮ লাখ টাকা।
