২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসোসিয়েটেড অক্সিজেনের আইপিও অনুমোদন

পুঁজিবাজারে ১ কোটি ৫০ লাখ প্রাথমিক শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা মূলধন তোলার অনুমোদন পেয়েছে এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2020, 10:54 PM

Updated : 10 Oct 2022, 07:17 PM

বৃহস্পতিবার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এই অনুমোদন দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এসোসিয়েটেড অক্সিজেন ইন্ডাসট্রিয়াল গ্যাস, মেডিকেল গ্যাস এবং ওয়েল্ডিং গ্যাস উৎপাদন ও সরবরাহ করে থাকে।

১০ টাকা দামের ১ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা তুলবে তারা।

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে এই টাকা তুলে এসোসিয়েটেড অক্সিজেন নতুন মজুদ ছাউনি ও নতুন প্লান্ট শেড তৈরি করে ব্যবসা বাড়ানোর লক্ষ্য ঠিক করেছে। আইপিওর টাকা থেকে তারা নতুন যন্ত্রপাতিও কিনবে। এছাড়া তারা ব্যাংকের ঋণ পরিশোধ করবে।

১৯৯০ সালে নিবন্ধন পাওয়ার পর ১৯৯২ সালের ডিসেম্বর থেকে ব্যবসা শুরু করে এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।

এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের চেয়ারম্যান হচ্ছেন নিজাম উদ্দিন চৌধুরী। কোম্পানিটির মূল অফিস চট্টগ্রামে।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির বিক্রি ছিল ৪০ কোটি টাকার মতো। সব খরচ বাদ দিয়ে নিট মুনাফা করেছে ১১ কোটি টাকা।

৮ কোটি শেয়ার হিসাব করে তাদের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৫১ পয়সার মতো। আর এসময় তাদের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৭ টাকা ৩৭ পয়সা।

২০১৫, ২০১৬, ২০১৭ এবং ২০১৮ অর্থবছরে তাদের নিট মুনাফা ছিল যথাক্রমে ৬ কোটি, ৬ কোটি ৮০ লাখ, ৮ কোটি ৬০ লাখ এবং ১০ কোটি ৭০ লাখ টাকা।

এসোসিয়েটেড অক্সিজেনের আইপিওর ইস্যু ব্যবস্থাপনায় আছে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস লিমিটেড।