২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার জাগাতে সোনালী ব্যাংকের ২০০ কোটি টাকার তহবিল

পুঁজিবাজারকে চাঙ্গা করতে ২০০ কোটি টাকার ‘বিশেষ তহবিল’ গঠন করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2020, 07:20 PM

Updated : 18 Aug 2022, 02:40 PM

অন্য ব্যাংকগুলোকেও এই তহবিল গঠনের মাধ্যমে দ্রুত পুঁজিবাজারে বিনিয়োগ করার অনুরোধ জানিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসই।

মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনালী ব্যাংক ২০০ কোটি টাকার তহবিল গঠনের কথা জানিয়ে বলেছে, পুঁজিবাজারে আরও বিনিয়োগের উদ্দেশ্যে এই বিশেষ তহবিল গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরাজমান অবস্থার প্রেক্ষাপটে পুঁজিবাজারে বাংলাদেশ ব্যাংকের ১০ ফেব্রুয়ারি জারি করা সার্কুলারের আলোকে সোনালী ব্যাংক তার নিজস্ব তহবিল হতে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য এই ২০০ কোটি টাকার তহবিল গঠন করেছে।”

“এতে সামগ্রিকভাবে শেয়ারবাজারে তারল্য বৃদ্ধি পাবে।বিনিয়োগকারীদের আস্থা দৃঢ়তর হবে বলে আশা করা হচ্ছে।”

গত রোববার বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে বলে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পুঁজিবাজারকে চাঙ্গা করতে ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ হিসেবে ১০ ফেব্রুয়ারি এক সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

ওই সার্কুলারে পুঁজিবাজার চাঙ্গা করতে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার আওতায় ব্যাংকগুলোকে বিশেষ তারল্য সুবিধা ও নীতিসহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

তাতে বলা হয়, এখন থেকে যে কোনো ব্যাংক তার নির্ধারিত সীমার বাইরেও পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার ‘বিশেষ তহবিল’ গঠন করতে পারবে।

ব্যাংকগুলো নিজস্ব অর্থে এই তহবিল গঠন করতে পারবে। তা না পারলে ট্রেজারি বিল/ট্রেজারি বন্ড রেপোর মাধ্যমে তারা বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিয়ে তহবিল গঠন করতে পারবে।

ইচ্ছে করলে প্রথমে নিজেদের অর্থে তহবিল গঠন করে পরবর্তীতেও ট্রেজারি বিল/ট্রেজারি বন্ড রেপোর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে ওই পরিমাণ অর্থ সংগ্রহ করা যাবে।

পুঁজিবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রী গত ১৬ জানুয়ারি যে ছয় দফা নির্দেশনা দিয়েছিলেন, তাতে শেয়ার বাজারে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ বৃদ্ধি করা এবং মার্চেন্ট ব্যাংকার ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সহজ শর্তে ঋণ দেওয়ার কথা ছিল।

তারই ধারাবাহিকতায় ব্যাংকগুলোকে বিশেষ তহবিল গঠনের সুযোগ দেওয়া হয়।

ব্যাংকের এমডিদের সঙ্গে ডিএসই’র বৈঠক

এদিকে তারল্য সংকট কাটাতে অন্য ব্যাংকগুলোকেও কেন্দ্রীয়  ব্যাংকের সার্কুলারের আলোকে দ্রুত পুঁজিবাজারে বিনিয়োগ করার অনুরোধ করেছে ডিএসই।

মঙ্গলবার সরকারি-বেসরকারি সব ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে এ অনুরোধ করেছেন ডিএসই’র পরিচালনা পর্ষদের সদস্যরা।

ডিএসই নিকুঞ্জ অফিসে বৈঠকটি হয়।

বৈঠক শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক সাংবাদিকদের বলেন, “আপনারা জানেন দেশের পুঁজিবাজারে খারাপ অবস্থা বিরাজ করছিল।সে সময় মাননীয় প্রধানমন্ত্রী পুঁজিবাজার ভাল করতে বেশ কিছু নির্দেশনা দেন। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে।

“সার্কুলার অনুযায়ী ব্যাংকগুলো পুঁজিবাজারে তাদের আইনি সীমার বাইরে বিনিয়োগ করতে পারবে।ইতোমধ্যে কিছু ব্যাংক সে অনুযায়ী বিনিয়োগ করেছে।বাকি যে ব্যাংকগুলো আছে তাদেরকেও আমরা পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য অনুরোধ জানিয়েছি।”

“তারা বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছেন এবং বিনিয়োগ করবেন বলে জানিয়েছেন।”

পুরনো খবর:

পুঁজিবাজার জাগাতে ব্যাংকের ‘বিশেষ তহবিল’ গঠনের সুযোগ