২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা

ক্রমাগত দরপতনের প্রেক্ষাপটে দেশের পুঁজিবাজারকে রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন বিনিয়োগকারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2019, 08:09 PM

Updated : 18 Aug 2022, 05:09 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বুধবার এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে বিনিয়োগকারীরা এই আহ্বান জানান।

টানা দরপতনের প্রতিবাদে দুই সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন জানিয়ে এক বিনিয়োগকারী বলেন, “আমাদের এই আন্দোলনকেও গুরুত্ব দিচ্ছেনা।

“ঊর্ধ্বমুখী শেয়ারবাজারের জন্য যে দাবিগুলো আমরা তুলে ধরেছি তার একটাও বাস্তবায়নের মুখ দেখছেনা। বাজারকে শক্তিশালী করতে এখন সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তা হচ্ছে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ।”

বিনিয়োগকারীরা জানান, শবে বরাতের ছুটি শেষে আগামী মঙ্গলবারের মধ্যে তাদের দাবিগুলো মানা না হলে ব্যাপক আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় বিক্ষোভ কর্মসূচি থেকে।

কর্মসূচি থেকে যেসব দাবি জানানো হয় সেগুলো হল- জেড ক্যাটাগরি এবং ওটিসি মার্কেট বন্ধ, ইস্যু মূল্যের নিচে অবস্থানরত কোম্পানিগুলোকে ইস্যু মূল্যে বাইব্যাক, আইপিও ও প্লেসমেন্ট শেয়ারের অবৈধ বাণিজ্য বন্ধ, তালিকাভুক্ত কোম্পানিগুলোকে নূন্যতম ১০ শতাংশ লভ্যাংশ বাধ্যতামূলক, খন্দকার ইব্রাহীম খালেদের তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা এবং  বিএসইসি চেয়ারম্যান খায়রুল হোসেনের পদত্যাগ।